মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যার মূল আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত ছুরি ও আলামত উদ্ধার

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলা শহরের শমসেরনগর রোডের হার্ডওয়্যার ও স্টেশনারি ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান ওরফে রুবেল (৫৫) হত্যাকাণ্ডের মূল আসামি জুহেল মিয়া ওরফে জুয়েল (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি,মাস্ক,জুতা ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।গত ১৭ আগস্ট শনিবার শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।পুলিশ জানায়,গত ৭ আগস্ট সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে ৭টার মধ্যে অজ্ঞাত ব্যক্তি রুবেলের দোকান “এফ রহমান ট্রেডিং”-এ প্রবেশ করে ধারালো ছুরির আঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার ৯ আগস্ট মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন (মামলা নং-১৮, ধারা ৩০২/৩৪)।

পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমার নেতৃত্বে একাধিক টিম তদন্ত শুরু করে। তদন্তে প্রত্যক্ষদর্শী, স্থানীয় ব্যবসায়ী ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে সন্দেহভাজনের ছবি সংগ্রহ করা হয়।পরে শ্রীমঙ্গলের লইয়ারকুল এলাকায় জুহেল মিয়াকে শনাক্ত করে পুলিশ। তার হাতে ব্যান্ডেজ থাকার সূত্র ধরে তাকে চিহ্নিত করা হয়। গত ১৭ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদে জুহেল হত্যার দায় স্বীকার করে।সে আগে একটি মিষ্টির দোকানে কাজ করলেও বর্তমানে বেকার। আর্থিক সংকটে হতাশ হয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ৭ আগস্ট সন্ধ্যায় ক্রেতা সেজে রুবেলের দোকানে ঢুকে নগদ ১১০০ টাকা নিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।গ্রেপ্তারকৃত জুহেলের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, মাস্ক, জুতা, রক্তমাখা ২০ টাকার নোটসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যার আগে “দি নিউ আরপি হার্ডওয়্যার”দোকান থেকে কেনা দুটি এলবো ও একটি সাসপেনশন গ্লু এবং ঘটনাস্থল থেকে জব্দ করা রক্তমাখা ফাইলও পুলিশ জব্দ করেছে।

You might also like