যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে ট্রাম্প-পেজেশকিয়ানের স্বাক্ষর

নিউজ ডেস্ক
সত্যবাণী

ফ্রান্সঃ দীর্ঘ অপেক্ষা আর নানান নাটকীয়তার পর স্থায়ী ভাবে যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।যুদ্ধ বন্ধের স্থায়ী শান্তিচুক্তিতে যেতে এই সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।তারা ইলেকট্রনিকভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।উভয় পক্ষই বলছে,চুক্তিটি কার্যকর হয়েছে এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন,শান্তিচুক্তির মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় না করা,সমস্ত ফ্রন্টে যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়।প্যারিসের অদূরে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি–৭–এর শীর্ষ সম্মেলন পরবর্তী এক নৈশভোজের সময় সমঝোতা স্মারকটি সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এ সময় ট্রাম্পের পাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন।পরে প্রাসাদ ছাড়ার আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা সই হয়েছে।ভার্সাইতে আমি এটায় সই করেছি।

ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ লেখেন,আজ রাতে ভার্সাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।ইরানের পক্ষ থেকেও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ইরনাকে বলেন,সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে সই হয়েছে।এটা নিয়ে আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই ইরানের।তিনি আরও বলেন,এই সমঝোতা সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত হয়েছে—এখন এ চুক্তির বাস্তবায়নের সময় এসেছে।সূত্র: বিবিসি ও আল-জাজিরা

You might also like