রবীন্দ্র কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
একইসঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১১ জুন) রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।বিষয়টি প্রত্নতত্ব অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান তিনি।এদিকে রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে।এ ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
উল্লেখ্য,গত ৮ জুন শাহনেওয়াজ নামে এক দর্শনার্থী পরিবারসহ কাছারিবাড়ি পরিদর্শনে গেলে মোটরসাইকেল পার্কিং নিয়ে এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।শাহনেওয়াজ অভিযোগ করেন,তাকে অডিটোরিয়ামের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১০ জুন) ‘শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণ’ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধন শেষে উত্তেজিত জনতা কাছারিবাড়ির ভেতরে ঢুকে অডিটোরিয়ামের দরজা ও জানালায় ভাঙচুর চালায়।এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কাছারিবাড়ি অডিটোরিয়ামে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামরুজ্জামান জানান,অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।একই সঙ্গে বিষয়টি তদন্তে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১১ জুন) তদন্ত কমিটির প্রধান শেখ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।