রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি
নিউজ ডেস্ক
সত্যবাণী
সৌদি আরব: ওমরাহ পালনকারীদের নিরাপত্তা,শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে চলতি রমজানে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব।রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ,যাতায়াত ও স্বাস্থ্য নিরাপত্তাব্যবস্থায় বিশেষ এই পরিকল্পনা নেওয়া হয়েছে।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে— সবুজ মানে জায়গা খালি,লাল মানে পূর্ণ।যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।বাস,ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে।কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল,সাইকেল ও অনুমোদনহীন যানবাহনও নিষিদ্ধ করা হয়েছে।বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে।শিশুদের ঘন ভিড় এলাকায় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়া পানিশূন্যতা এড়ানো,বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তাবিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন,ভিক্ষাবৃত্তি,অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।সূত্র : খালিজ টাইমস