রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর এই শিলাবৃষ্টি শুরু হয়।এর আগে শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার কথা জানায় বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।রাজধানীর যাত্রাবাড়ী,বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টির দেখা মিলেছে।এদিকে দেশের বিভিন্ন এলাকায় বুধবার (১৮ মার্চ) পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছিল,শুক্রবার (১৩ মার্চ) রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।সংস্থাটি জানায়,বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই আংশিক বৃষ্টিবলয়টি মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে।বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।জানা যায়,শুক্রবার রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বৃষ্টিবলয়টি প্রবেশ করে আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

You might also like