র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগরের ১৬ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গতকাল ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর (ছাত্র) হলে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৪(১) (খ) অনুযায়ী সংশ্লিষ্ট ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহামুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহামুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবির, মো. জাহিদুল ইসলাম ও উশান্ত ত্রিপুরা।তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান এবং সদস্য সচিব হিসেবে ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ।কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

You might also like