লন্ডনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে অনুষ্ঠান

আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী

লন্ডনঃ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানুষের অভিযোজনের গল্প তুলে ধরতে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে এক অনুপ্রেরণামূলক প্রদর্শনী ও আলোচনা সভা।গত মঙ্গলবার, ৪ নভেম্বর, বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড রোডের আর্টসওয়ান ভবনে ‘দি কাইন্ডনেস অফ পিপল টু ফেস দি ক্লাইমেট ক্রাইসিস ইন বাংলাদেশ টোগেদার ’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করেন পরিবেশকর্মী পিটার মাসগ্রেভ, স্বাধীনতা ট্রাস্ট–এর সহযোগিতায়। এটি ছিল চলতি বছরের এ সিজন অফ বাংলা ড্রামা উৎসবের অংশ।

অনুষ্ঠানের শুরুতে আর্টসওয়ান ফোয়েতে উদ্বোধন করা হয় এক আলোকচিত্র প্রদর্শনীর। ছবিগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু বছর ধরে তোলা, যেখানে ফুটে উঠেছে বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও আকস্মিক বন্যার মতো জলবায়ুজনিত দুর্যোগের চিত্র। একই সঙ্গে দেখা যায় স্থানীয় মানুষের সহমর্মিতা, উদ্ভাবনী শক্তি ও বেঁচে থাকার লড়াই।এরপর ব্লক সিনেমায় পিটার মাসগ্রেভ পরিবেশন করেন এক মাল্টিমিডিয়া উপস্থাপনা, যেখানে ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সংগীত ও কবিতা পাঠ একত্রে তুলে ধরে বাংলাদেশের মানুষের জীবনের গল্প। পিটার মাসগ্রেভ প্রায় নয় বছর বাংলাদেশের বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করেছেন এবং ১৯৯০–এর দশক থেকে পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী রুকসানা বেগম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্টস অফিসার, এবং অনীশা চন্দ্রশেখর, স্বাধীনতা ট্রাস্টের প্রতিনিধি।সংগীত পরিবেশন করেন ড. শ্যামল চৌধুরী, সুনীতা চৌধুরী, মিতালি বনোয়ারী ও রুমি হক, আর কবিতা আবৃত্তি করেন রুমি হক ও সুনীতা চৌধুরী। প্রযুক্তিগত সহায়তা দেন সাদেক আহমেদ চৌধুরী।

You might also like