লন্ডনে সাউথএন্ড বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহত ৪,পুলিশের নিশ্চিতকরণ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে দুই ডাচ পাইলট,এক চিলির নারী এবং একজন ইউরোপীয় পুরুষ চিকিৎসক রয়েছেন।বিমানটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের সীমানায় বিধ্বস্ত হয়।তদন্ত চলছে,বিমানবন্দর বন্ধ রয়েছে।রবিবার বিকেলে লন্ডনের সাউথেন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এসেক্স পুলিশ নিশ্চিত করেছে,বিমানে থাকা চারজনই নিহত হয়েছেন।বিমানটি ছিল বীচক্রাফ্ট বি২০০ সুপার কিং এয়ার,যা নেদারল্যান্ডসের জিউশ এভিয়েশন নামক একটি কোম্পানি পরিচালনা করছিল।বিমানটি রোগী পরিবহনের জন্য চিকিৎসা ব্যবস্থা-সজ্জিত ছিল।নিহতদের মধ্যে দুজন ডাচ পাইলট,একজন চিলির নারী এবং একজন ইউরোপীয় পুরুষ চিকিৎসক ছিলেন বলে পুলিশ জানিয়েছে, তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এসেক্স পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট মর্গান ক্রোনিন সংবাদ সম্মেলনে বলেন, “উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি সমস্যায় পড়ে এবং বিমানবন্দরের সীমানার মধ্যে বিধ্বস্ত হয়।দুঃখজনকভাবে, বিমানে থাকা চারজনই মারা গেছেন।তিনি আরো বলেন, “আমরা তাদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছি।এই পর্যায়ে আমরা বিশ্বাস করি, তারা সবাই বিদেশি নাগরিক।তদন্তে সহায়তার জন্য এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি),রয়্যাল এয়ার ফোর্স,এসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।বিমানটি নেদারল্যান্ডসের লেলিস্টাড শহরের উদ্দেশে রওনা হয়েছিল।ফ্লাইট্রাডার২৪-এর তথ্য অনুযায়ী,বিমানটি বিকেল ৩:৪৮ মিনিটে উড্ডয়ন করে।জন জনসন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা সবাই পাইলটদের দিকে হাত নাড়লাম,তারাও হাত নাড়লেন।বিমানটি ১৮০ ডিগ্রি ঘুরে রানওয়ের দিকে এগোলো।উড্ডয়নের তিন-চার সেকেন্ড পর এটি বাঁ দিকে হেলে পড়ল,তারপর উল্টে মাটিতে আছড়ে পড়ল।একটি বড় অগ্নিকাণ্ড হলো।তিনি জানান,এটি দেখে সবাই হতবাক হয়ে যান।
জিউশ এভিয়েশন জানায়, তাদের ফ্লাইট এসইউজেড১ দুর্ঘটনার শিকার হয়েছে। তারা বলেন,“আমরা তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করছি এবং আরো তথ্য পেলে জানাব। আমাদের চিন্তা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার সঙ্গে।বিমানটি রোগী পরিবহনের জন্য ব্যবহৃত হলেও এটি চিকিৎসা সংক্রান্ত ফ্লাইট ছিল কিনা বা কোনো রোগী ছিল কিনা,তা এখনো স্পষ্ট নয়।এএআইবি’র সিনিয়র ইন্সপেক্টর লিসা ফিটজসিমন্স বলেন, “দুর্ঘটনার কারণ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।আমরা নিরাপত্তা সংক্রান্ত শিক্ষা খুঁজে বের করব এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সুপারিশ দেব।সাউথেন্ড বিমানবন্দরের প্রধান নির্বাহী জুড উইনস্ট্যানলি জানান,বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ইজিজেটসহ অন্যান্য এয়ারলাইন্সের অনেক ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স-এ বলেন,“সাউথেন্ড বিমানবন্দরে চারজনের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে মর্মাহত।আমার চিন্তা তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে। জরুরি সেবায় নিয়োজিতদের ধন্যবাদ।এই দুর্ঘটনায় তদন্ত চলমান,এবং বিমানের ধ্বংসাবশেষ ফার্নবরোতে বিশ্লেষণের জন্য পাঠানো হবে।