শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

সংগ্রাম দত্ত: চারিদিকে সবুজে ঘেরা বনাঞ্চল,হাওর ও চা বাগান দ্বারা আবৃত শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামের হাওরের সাইটালা খামারবাড়ি-২ এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে।পরে লজ্জাবতী বানরটিকে স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা গেছে,সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও সংলগ্ন হাওরের সাইটোলা খামারবাড়ি-২ এলাকায় হঠাৎ একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়েন ও স্থানীয়দের অনেকেই বনমানুষ ভেবে আটক করে রাখেন।মুহূর্তের মধ্যেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটির পরিচয় শনাক্ত করে উদ্ধার করে নিয়ে আসেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন,এটি একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর।যা’ সাধারণত হাওরাঞ্চলে দেখা যায় না।শ্রীমঙ্গল সংলগ্ন বিভিন্ন বনাঞ্চল ও ভানুগাছ পাহাড় যা’দেশে-বিদেশে লাউয়াছড়া জাতীয় উদ্যান হিসেবে পরিচিত বনাঞ্চলের বন উজাড় করে বসতি স্থাপন, লেবু, আনারস, কাঁঠাল,চা বাগান ও রিসোর্ট তৈরি করার কারণে বনাঞ্চলের পশুপাখির আবাস ও খাদ্য সংকট দেখা দেওয়ায় খাদ্যের সন্ধানে তারা লোকালয়ে চলে আসে।বিগত দেড় দশকে প্রায় ৭ শতাধিকের উপর বিভিন্ন ধরনের বন্য পশুপাখি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

You might also like