সাগরে মাছ ধরার সময় আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিউজ ডেস্ক
সত্যবাণী

টেকনাফ: বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশি দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে আরাকান আর্মি (এএ)। ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন বলে জানা গেছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি আটক করা হয়। পরে জেলেদেরসহ ট্রলার দুটি রাখাইনের বুচিডং এলাকায় নিয়ে যায় আরাকান আর্মি।

টেকনাফ কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, দুটি ট্রলার আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর রাখা হচ্ছে।কায়ুখখালী ঘাটের ট্রলার মালিক মো. রফিক বলেন, আরাকান আর্মি এর আগেও বাংলাদেশি ট্রলারসহ জেলেদের আটক করেছে। এখনও অনেক জেলে তাদের হেফাজতে রয়েছে। নতুন করে আবারও আমাদের ট্রলারগুলোতে হানা দিচ্ছে আরাকান আর্মি। এতে নাফনদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা আমাদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, আমিও বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

You might also like