হামে মেয়ের মৃত্যু: ইউনূস, নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ হামের টিকা না কেনা এবং অবহেলায় ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস,স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজের আদেশ দিয়েছেন আদালত।রোববার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় এ আদেশ দেন।এর আগে গত ৫ জুলাই একই আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন।ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য এদিন ধার্য করেন। মামলার আবেদনে আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে,তারা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক ও মার্চের শুরুর সময়ে শরীয়তপুর সদরের নয় মাস বয়সী সাউদা মুসকান হঠাৎ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় ফল না দেওয়ায় মার্চের প্রথম সপ্তাহে শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।সেখানে হামের চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে শিশুটিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ মার্চ স্থানান্তর করা হয়।হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় অসহযোগিতা ও অবহেলার অভিযোগ তুলে আবেদনে বলা হয়,বাদীর স্ত্রীর হাতে ২৬ মার্চ অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে বাচ্চার মুখে লাগাতে বলা হয়।তবে শিশুর মা ব্যর্থ হলে কর্তব্যরত চিকিৎসক সুইপারকে দিয়ে শিশুর মুখে তা লাগিয়ে দেওয়া হয়।এর ঘণ্টা দুয়েক পরে শিশুটি মারা যায়।মামলার অভিযোগে আরও বলা হয়,শিশুদের টিকার যোগান সময়মতো না থাকা,হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং টিকা কেনা ও তা দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের মারাত্মক খামখেয়ালিপনা এবং অবহেলাজনিত কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকান অন্যতম।

You might also like