১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই ২০২৬ (বুধবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ জুলাই জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত সকল পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্না, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে।

You might also like