২০০৯ সালের পর জন্ম নেওয়া সবার জন্য ধুমপান নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে
নিউজ ডেস্ক
সত্যবাণী
যুক্তরাজ্যের: একটি ঐতিহাসিক তামাক ও ভেপ বিল যুক্তরাজ্যের সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধূমপান কার্যত নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিবিসির।নতুন আইনে বলা হয়েছে,২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ জীবনে কখনোই সিগারেট কিনতে পারবে না।অর্থাৎ,একটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ গড়ে তোলাই এই আইনের মূল লক্ষ্য।সংসদের দুই কক্ষ কমন্স ও লর্ডস এই বিলের চূড়ান্ত খসড়ায় একমত হয়েছে।রাজকীয় অনুমোদন পেলেই সরকার তামাক,ভেপিং ও নিকোটিনজাত পণ্যের স্বাদ,প্যাকেট এবং বিক্রয় নিয়ন্ত্রণে নতুন ক্ষমতা পাবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ধূমপান যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু, পঙ্গুত্ব ও নানা রোগের অন্যতম প্রধান কারণ।এই ঝুঁকি কমাতেই সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে।নতুন আইনে শিশু বহনকারী গাড়ি,খেলার মাঠ, স্কুলের আশপাশ এবং হাসপাতালের বাইরে ভেপিং নিষিদ্ধ করা হয়েছে।তবে যারা ধূমপান ছাড়তে চান,তাদের জন্য হাসপাতালের বাইরে নির্দিষ্ট জায়গায় ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে।ব্যক্তিগত জায়গা,যেমন বাড়ি বা কিছু খোলা জায়গা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই পদক্ষেপকে দেশের স্বাস্থ্যের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।এছাড়া লর্ডসে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন বলেন,এটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগগুলোর একটি।এটি দীর্ঘমেয়াদে মানুষের জীবন রক্ষা করবে।