৩ আগস্ট ২০২৬ থেকে ইমিগ্রেশন বেইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন
ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান
সত্যবাণী
লন্ডনঃ যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইনে ৩ আগস্ট ২০২৬ থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে,যা বিশেষ করে তাদের জন্য উপকারী হবে যাদের আবেদন প্রত্যাখ্যাত (refused) বা অবৈধ (invalid) ঘোষিত হয়েছে এবং যারা Immigration Bail-এ রয়েছেন।
পূর্বের নিয়ম কী ছিল?
যদি কোনো ব্যক্তি তার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে (in-time application) নতুন আবেদন করতেন এবং পরে সেই আবেদন প্রত্যাখ্যাত বা অবৈধ ঘোষণা করা হতো, তাহলে SUI 13.1 (পূর্বের Paragraph 39E) অনুযায়ী তিনি সাধারণত ১৪ দিনের মধ্যে পুনরায় আবেদন করার সুযোগ পেতেন। এ ক্ষেত্রে তার বর্তমান overstaying উপেক্ষা করা হতো।কিন্তু বাস্তবে একটি বড় সমস্যা ছিল।আবেদন প্রত্যাখ্যানের পর অনেক আবেদনকারীকেImmigration Bail দেওয়া হতো।অথচ অধিকাংশ ইমিগ্রেশন ক্যাটাগরিতে Immigration Bail-এ থাকা অবস্থায় নতুন আবেদন করার অনুমতি ছিল না। ফলে SUI 13.1-এর দেওয়া সুবিধা অনেক ক্ষেত্রেই কার্যকর হতো না।
নতুন নিয়ম কী?
৩ আগস্ট ২০২৬ থেকে এই অসামঞ্জস্য দূর করা হয়েছে।
এখন যদি কোনো আবেদনকারীর ক্ষেত্রে SUI 13.1 প্রযোজ্য হয়,তাহলে তিনি Immigration Bail-এ থাকলেও অধিকাংশ সংশ্লিষ্ট ইমিগ্রেশন ক্যাটাগরিতে নতুন আবেদন করতে পারবেন।এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন,কারণ এতে আইনের উদ্দেশ্য বাস্তবায়িত হবে এবং আবেদনকারীরা শুধুমাত্র Immigration Bail-এ থাকার কারণে নতুন আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হবেন না।
Appendix FM-এর ক্ষেত্রে বিশেষ বিধান
Partner এবং Family Route-এর জন্য প্রযোজ্য Appendix FM-এ একটি অতিরিক্ত ব্যতিক্রম রাখা হয়েছে।কিছু ক্ষেত্রে আবেদনকারীকে দেখাতে হবে যে তিনি আবেদন করার আগে যুক্তরাজ্যে কমপক্ষে ৬ মাস অবস্থান করেছেন এবং Paragraph EX.1 প্রযোজ্য। এছাড়াও, SUI 13.1 প্রযোজ্য হলে Immigration Bail বাধা হবে না।
কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
এই পরিবর্তনের ফলে বিশেষভাবে উপকৃত হতে পারেন—
* যাদের আবেদন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে করা হয়েছিল কিন্তু পরে প্রত্যাখ্যাত হয়েছে।
* যারা প্রত্যাখ্যানের পর Immigration Bail পেয়েছেন।
* যারা SUI 13.1-এর আওতায় ১৪ দিনের মধ্যে নতুন আবেদন করতে চান।
* Family, Human Rights এবং অন্যান্য সংশ্লিষ্ট ইমিগ্রেশন রুটের আবেদনকারীরা।
আমার মতামত
আমার মতে,এটি একটি অত্যন্ত স্বাগতযোগ্য ও বাস্তবসম্মত পরিবর্তন। পূর্বের নিয়মে একটি অনিচ্ছাকৃত আইনি অসামঞ্জস্য ছিল,যার ফলে অনেক আবেদনকারী SUI 13.1-এর সুরক্ষা থাকা সত্ত্বেও শুধুমাত্র Immigration Bail-এ থাকার কারণে নতুন আবেদন করতে পারতেন না।নতুন সংশোধনের মাধ্যমে সেই অসামঞ্জস্য দূর হয়েছে এবং আইন এখন তার প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে।তবে প্রতিটি মামলার বাস্তবতা ভিন্ন।তাই নতুন আবেদন করার আগে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সঠিক ক্যাটাগরিতে এবং যথাযথ সময়ের মধ্যে আবেদন করা যায়।