৭২ ঘণ্টার মধ্যে ৮ জেলায় বন্যার পূর্বাভাস,সতর্কবার্তা জারি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সারাদেশ আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।একই সঙ্গে আরও ৮ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।পূর্বাভাসে বলা হয়,আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।এছাড়া ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবেও বৃষ্টিপাত বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী,আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান,কক্সবাজার,ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিচু এলাকা এবং সিলেট,সুনামগঞ্জ, মৌলভীবাজার,হবিগঞ্জ,নেত্রকোণা,শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অতি ভারী বৃষ্টিপাতের কারণে এসব এলাকায় নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like