অবরোধেও সিলেটে যানজট (!)
সত্যবাণী
সিলেট অফিসঃ চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথমদিনের মতো দ্বিতীয় দিনেও সিলেটে কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে দুরপাল্লার বাস-ট্রাক চলাচল এবং জনগণের জীবনযাত্রা।
১৩ নভেম্বর সোমবার নগরির বিভিন্ন স্থান ঘুরে ৩ চাকার যানবাহন, বাস-ট্রাক স্বাভাবিক সময়ের মতো চলাচল করতে দেখা গেছে।
নগরির গুরুত্বপূর্ণ স্টেশন রোড, বঙ্গবীর রোড, চন্ডিপুল, বন্দরবাজার, সুরমা মার্কেট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেট, টিলাগড়, কদমতলি, হুমায়ূন রশিদ চত্বর এলাকায় প্রতিদিনের মতোই ছিলো যানবাহন চলাচল। নগরির বিপনী বিতানগুলো যথারীতি খোলা ছিল। বেলা ২ টার দিকে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় নিত্যদিনের রীতিমত যানজট দেখা গেছে।
অবরোধকারীদের বিশৃঙ্খলা ও যেকোনো ধরণের তৎপরতা ঠেকাতে সতর্কাবস্থায় ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট-ঢাকা মহাসড়কে এবং নগরির বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব,বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সরকার পতনের এক দফা, মামলা-হামলাসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ রোববার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালিত হওয়ার কথা।