ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে।তবে গতকাল সোমবার সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস শেষে বিকেল থেকেই ঘরমুখী মানুষের ঢল নামে সকালে।সরকারি ছুটির তালিকা অনুযায়ী,আজ মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র শবেকদর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।এর সঙ্গে ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে।মাঝখানে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও পরে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।এরপর ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে।এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।
সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত,ব্যাংক-বীমা এবং অন্যান্য সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আবারও নিয়মিত কার্যক্রম শুরু করবে।তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।এর মধ্যে বিদ্যুৎ, পানি,গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ,ফায়ার সার্ভিস,বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম,টেলিফোন ও ইন্টারনেট,ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে।জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে।