এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে : পরীক্ষা নিয়ন্ত্রক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ যানজট ও জনদুর্ভোগ এড়াতে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়,কেন্দ্র এলাকার যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার পর থেকেই কেন্দ্রে ঢোকার সুযোগ দেওয়া হবে।এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হচ্ছে।
তবে পরীক্ষাকক্ষে প্রবেশ ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য পূর্বনির্ধারিত নিয়মাবলি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।নির্দেশনাটি ঢাকা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রের জন্য প্রযোজ্য।এ সংক্রান্ত চিঠির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার,সংশ্লিষ্ট জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা,শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহে পাঠানো হয়েছে।গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সেদিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। এ ছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন শিক্ষার্থী।বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী,এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।