এক জেলায় সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতাকর্মী

নিউজ ডেস্ক
সত্যবাণী

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে নতুন করে সার ডিলার হিসেবে মনোনীত ৫৭ জনের মধ্যে অন্তত ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।তাঁদের কয়েকজনের আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না।অন্যদিকে,দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও ডিলার হতে পারেননি বলে অভিযোগ করেছেন কয়েকজন আবেদনকারী।সার ডিলার নিয়োগের নীতিমালায় আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।তবে চূড়ান্ত তালিকায় মনোনীত ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে।যদিও ডিলার নিয়োগে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা।মনোনীত ব্যক্তিদের কয়েকজনও বলেছেন,তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যোগ্যতার ভিত্তিতে ডিলার হয়েছেন।

জেলার ৫৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার জন্য সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।গত ১০ সেপ্টেম্বর ছিল আবেদনের শেষ দিন।নির্ধারিত সময়ের মধ্যে ৩৩৬টি আবেদন জমা পড়ে।পরে গত ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার এক চিঠিতে ৫৭ জনকে ডিলার হিসেবে মনোনীত করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।চূড়ান্ত তালিকা বিশ্লেষণে দেখা যায়,মনোনীত ব্যক্তিদের মধ্যে ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে বিএনপি,ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।কয়েকজনের সঙ্গে স্থানীয় দলীয় নেতাদের পারিবারিক সম্পর্কও রয়েছে।তবে বাদ পড়া আবেদনকারীদের মধ্যেও বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন।

সার ডিলার নিয়োগের নীতিমালা অনুযায়ী,সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভায় আবেদনকারীর নিজস্ব অথবা ভাড়া করা কমপক্ষে ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থাকতে হবে।গুদামের মেঝে পাকা এবং স্বাভাবিক বন্যার পানির স্তরের ওপরে হতে হবে। আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং ব্যাংকের অন্তত পাঁচ লাখ টাকার সাম্প্রতিক সচ্ছলতার সনদ জমা দিতে হবে।আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথাও রয়েছে নীতিমালায়।রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা।তাঁর প্রতিষ্ঠান মেসার্স গাজী এন্টারপ্রাইজ আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশের প্রতিষ্ঠান মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজও ডিলার হিসেবে মনোনীত হয়েছে। ওই প্রতিষ্ঠানটিরও আগে সার ব্যবসা ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রায়পুরের কেরোয়া ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান।বামনী ইউনিয়নে মনোনীত হয়েছেন ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন ওরফে ছুটু। উত্তর চর আবাবিল ইউনিয়নে মনোনীত হয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া।চরমোহনা ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম ভূঁইয়া।তাঁদের কয়েকজনের আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন।তাঁর প্রতিষ্ঠান মেসার্স সততা ট্রেডার্স রড,সিমেন্ট ও নারকেলের ব্যবসা করে। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মনোনীত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.বিল্লাল পাটোয়ারী। করপাড়া ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিবের প্রতিষ্ঠান এস বি ট্রেডার্স।ভোলাকোট ইউনিয়নে ডিলার হয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আহম্মদ।কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে মনোনীত হয়েছেন ইয়ামিন ট্রেডার্সের মো.ইসমাইল।তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিনের ভাই।চর মার্টিন ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন।চর ফলকন ইউনিয়নে মনোনীত মাহবুবুর রহমান উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর আত্মীয় বলে জানা গেছে।তাঁর চাচাতো ভাই লোকমান হোসেন পাটারীর প্রতিষ্ঠানও পাটারীরহাট ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত হয়েছে।

দীর্ঘদিন ব্যবসা করেও বাদ

চন্দ্রগঞ্জ বাজারে ২০০২ সাল থেকে সার বিক্রি করেন মো. শোভন।এবার ডিলার হওয়ার জন্য আবেদন করলেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম নেই।শোভন বলেন,দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও তিনি ডিলারশিপ পাননি।সব নিয়ম মেনে আবেদন করার পরও বাদ পড়েছেন।চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা শাহেদ হাওলাদারও দীর্ঘদিন ধরে সার ব্যবসা করছেন।তিনিও ডিলার হওয়ার জন্য আবেদন করেছিলেন,তবে মনোনীত হননি। শাহেদ হাওলাদার বলেন,নীতিমালায় আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তাঁকে মনোনীত করা হয়নি।অথচ এমন একজনকে ডিলার করা হয়েছে,যিনি আগে সার ব্যবসা করেননি।বিষয়টি তাঁর কাছে হতাশাজনক।

কমলনগরের চর মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য তারেক রহমান ওরফে রকিও এবার ডিলার হওয়ার জন্য আবেদন করেছিলেন। তাঁর দাবি, তাঁদের পরিবার প্রায় ৫০ বছর ধরে সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত।তাঁদের প্রতিষ্ঠান আগে সার ডিলারও ছিল।তবে এবার আবেদন করেও তিনি মনোনীত হননি।তারেক রহমান অভিযোগ করেন,মনোনীত ব্যক্তিদের কয়েকজনের গুদাম ও সার বিক্রির অভিজ্ঞতা নেই।এতে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন।তিনি কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের বাণিজ্য করার অভিযোগও করেন।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নুরুল হুদা চৌধুরী। তিনি বলেন,সার ডিলার নিয়োগে দলীয়ভাবে কোনো হস্তক্ষেপ করা হয়নি। সবাই নিজ নিজ যোগ্যতায় মনোনীত হয়েছেন। পাটারীরহাটের লোকমান হোসেন তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই হলেও চর ফলকনের মাহবুবুর রহমান তাঁর ভাগনে নন বলে দাবি করেন তিনি।নুরুল হুদা চৌধুরী আরও বলেন, তাঁরাও প্রত্যাশা করেছিলেন, নীতিমালা অনুযায়ী আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

মনোনীত ব্যক্তিদের বক্তব্য

দক্ষিণ চরবংশী ইউনিয়নের মনোনীত ডিলার আমিনুল আজিজ বাদশা রাজনৈতিক বিবেচনায় ডিলার হওয়ার অভিযোগ অস্বীকার করেন।তিনি বলেন,প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তিনি মনোনীত হয়েছেন।রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশ বলেন,তাঁর এলাকায় সারের চাহিদা কম হলেও তিনি ডিলারশিপ নিয়েছেন।এ ক্ষেত্রে রাজনৈতিক তদবির ছিল না। বামনী ইউনিয়নের আমির হোসেন ওরফে ছুটু বলেন,আগে বিভিন্ন ব্যবসা করলেও সার ব্যবসায় এবার নতুনভাবে যুক্ত হচ্ছেন।কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে তাঁকে মনোনীত করেছে। তবে তিনি আগে সার ব্যবসা করেননি।অন্যদিকে,সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন,তাঁর ইউনিয়নে অন্য কেউ আবেদন না করায় তাঁকে ডিলার হিসেবে মনোনীত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়।তিনি কল রিসিভ না করে বার্তা পাঠাতে বলেন। পরে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব জহির আহমেদ বলেন,তালিকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংখ্যা বেশি, এমন তথ্য তিনিও জেনেছেন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি আবেদন যাচাই-বাছাই করে সুপারিশসহ তালিকা পাঠিয়েছিল। পরে তা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে তালিকা চূড়ান্ত করে পাঠানো হয়েছে।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাছিবুর রহমান বলেন,গত ১৭ বছর দলের নেতা-কর্মীরা সার ডিলারসহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।এখন তাঁরা ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হওয়ায় ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন।তাঁর দাবি,সবাই নিয়ম মেনে আবেদন করেছেন এবং মনোনয়নের ক্ষেত্রে দলের কোনো প্রভাব ছিল না।

You might also like