কেনিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
সত্যবাণী

কেনিয়া: কেনিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনব্যাপী উৎসবমুখর কর্মসূচীর মধ্য দিয়ে আজ ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। সকালে মিশন চত্বরে জাতীয় সংগীতের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক মোহাম্মদ। মিশনের সব কর্মকর্তা-কর্মচারি এসময় উপস্থিত ছিলেন। এরপর, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাই কমিশনার। এ দিবস উপলক্ষ্যে প্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।সন্ধ্যায় মিশনে এক অভ্যর্থণা ও তথ্যচিত্র প্রদর্শনির আয়োজন করা হয়। কোভিড-১৯ মহামারী’র স্বাস্থ্যবিধি অনুসরণে মিশনের উন্মুক্ত সবুজ চত্বরে বিশালাকার তাঁবুর নিচে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি কেনিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ এ অভ্যর্থণায় যোগ দেন। এ সময়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন ও সম্ভাবনার ওপর ধারাবাহিকভাবে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাই কমিশনার তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে চলমান মুজিব বর্ষ ও সদ্যসমাপ্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান। তিনি পরম শ্রদ্ধায় স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতা। কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক, বিদেশী বন্ধু ও সর্বস্তরের জনগণকে, যারা আমাদের অধিকার আদায় ও মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অবদান রেখেছেন। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের জন্যে একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া আমাদের পবিত্র কর্তব্য। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্জনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের এই গৌরবময় অভিযাত্রায় স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান।নৈশভোজের মধ্য দিয়ে এ অভ্যর্থণা শেষ হয়।

You might also like