জাতীয় জ্বালানির হৃৎপিণ্ড হবিগঞ্জ: অন্ধকারের দহনে এক জনপদ
চৌধুরী ফরহাদ।
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা হবিগঞ্জ আজ দেশের জ্বালানি ও বিদ্যুৎ নিরাপত্তার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।২০ এপ্রিল ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী,এই জেলার মাটির নিচের প্রাকৃতিক সম্পদ এবং উপরিভাগের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো জাতীয় অর্থনীতিতে যে অবদান রাখছে,তা বিস্ময়কর।অথচ পরিহাসের বিষয় হলো, যে জেলা সারা দেশকে আলোকিত করছে, সেই জেলার মানুষই আজ লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (PDB), হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এবং পেট্রোবাংলা এর তথ্যসূত্র অনুযায়ী (২০ এপ্রিল ২০২৬) জাতীয় গ্রিডে হবিগঞ্জের বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন এবং সরবরাহ— হবিগঞ্জ জেলায় অবস্থিত কেন্দ্রগুলোর (শাহজীবাজার, বিবিয়ানা ১, ২ ও ৩) মোট উৎপাদন সক্ষমতা ১,৭০৬ মেগাওয়াট হলেও যান্ত্রিক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের কারণে আজ সোমবার জাতীয় গ্রিডে সরাসরি সরবরাহ করা হচ্ছে প্রায় ৮২০ মেগাওয়াট বিদ্যুৎ।এছাড়া হবিগঞ্জের বিবিয়ানা ও শাহজীবাজার গ্যাসক্ষেত্র থেকে আজ প্রায় ১,৫০০ মিলিয়ন ঘনফুট (MMCFD) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এই বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করে ঢাকা, আশুগঞ্জ ও ঘোড়াশালের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আজ প্রায় ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। অর্থাৎ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হবিগঞ্জ জেলা আজ দেশের প্রায় ৫,৩০০ মেগাওয়াট বিদ্যুতের জোগান নিশ্চিত করছে।
কিন্তু এর বিপরীতে, হবিগঞ্জ জেলার গ্রাহকদের জীবনযাত্রা সচল রাখতে বিদ্যুতের প্রয়োজনীয়তার তুলনায় সরবরাহের পরিমাণ অত্যন্ত নগণ্য। হবিগঞ্জ শহর (পিডিবি আওতাধীন) এবং ৯টি উপজেলার শিল্প ও আবাসিক গ্রাহকদের (পল্লী বিদ্যুৎ) জন্য মোট বিদ্যুতের প্রয়োজন প্রায় ১৯০ মেগাওয়াট।হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকার পিডিবির গ্রাহকদের জন্য চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট। অন্যদিকে ৯টি উপজেলা ও শিল্পাঞ্চলের (পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন) জন্য চাহিদা প্রায় ১৬০ মেগাওয়াট।আজকের তথ্যানুযায়ী, ১৯০ মেগাওয়াট চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে হবিগঞ্জ জেলাকে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১৩০ থেকে ১৪০ মেগাওয়াট। ফলে জেলায় প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে।
অন্ধকারের দহনে অতিষ্ঠ জনপদ হবিগঞ্জের মানুষ আজ এক অদ্ভুত বৈষম্যের শিকার। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের গর্জনে বা শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের ধোঁয়ায় আকাশ ছেয়ে গেলেও, স্থানীয় গ্রাহকদের ঘরে সেই আলোর ছোঁয়া পৌঁছাতে বাধার সৃষ্টি করছে ‘জাতীয় গ্রিডের বণ্টন নীতি’।নিয়ম অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনকারী এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার অগ্রাধিকার থাকার কথা থাকলেও, হবিগঞ্জের উৎপাদিত বিদ্যুৎ সরাসরি ঢাকায় চলে যায়। সেখান থেকে নামমাত্র বরাদ্দ আসে জেলার জন্য।নবীগঞ্জ, মাধবপুর ও বাহুবলের শত শত শিল্প কলকারখানা এবং সেচ পাম্পগুলো বিদ্যুতের অভাবে স্থবির হয়ে পড়ছে। এপ্রিলের এই প্রচণ্ড গরমে ঘনঘন লোডশেডিংয়ের ফলে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পিডিবি ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে।
হবিগঞ্জ জেলা কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের “পাওয়ার হাউস”। দেশের ৪০% গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ যখন এই জেলার সম্পদের ওপর নির্ভরশীল, তখন এখানকার মানুষের ১৯০ মেগাওয়াট চাহিদুকু পূরণ না হওয়া চরম উদাসীনতার বহিঃপ্রকাশ। জাতীয় গ্রিডে ৫,০০০ মেগাওয়াটের বেশি অবদান রাখা একটি জনপদকে মাত্র ৫০ মেগাওয়াট ঘাটতির জন্য অন্ধকারে রাখা শুধু অযৌক্তিক নয়, বরং অমানবিক। ন্যায্যতা নিশ্চিত ও জনরোষ প্রশমিত করার জন্য এই “আলোর কারিগরদের” ঘর অন্ধকার রাখার নীতি থেকে জাতীয় গ্রিড কর্তৃপক্ষকে অবিলম্বে বেরিয়ে আসাটা এখন সময়ের দাবি।
লেখক: সামাজিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী।