জেনে নিন কোন কোন রোগের উপসর্গ হামের মতো

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশজুড়ে হাম ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।জ্বর,ফুসকুড়ি,কাশি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গের কারণে অনেক ক্ষেত্রেই এই রোগটি অন্য রোগের সঙ্গে মিশে যাচ্ছে, ফলে রোগ নির্ণয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।চিকিৎসকদের মতে,টিকা নেওয়ার পরও কিছু ক্ষেত্রে হাম হতে পারে, তবে তা সাধারণত কম গুরুতর হয়।একই সঙ্গে এমন কয়েকটি রোগ রয়েছে, যেগুলোর উপসর্গ হামের সঙ্গে মিল থাকায় শুরুতে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।এর মধ্যে অন্যতম হলো রুবেলা, যা ‘জার্মান হাম’ নামে পরিচিত।এতে হালকা জ্বর ও ফুসকুড়ি দেখা যায় এবং লিম্ফ নোড ফুলে যেতে পারে,তবে এটি সাধারণত হামের তুলনায় কম মারাত্মক।চিকেনপক্স বা জলবসন্তেও সারা শরীরে চুলকানিযুক্ত ফুসকুড়ি দেখা যায়, যা সাধারণত পানি ভর্তি দানার মতো হয় এবং এর সঙ্গে জ্বর থাকতে পারে।এ ছাড়া ডেঙ্গু রোগেও উচ্চ জ্বর ও শরীরব্যথার পাশাপাশি অনেক ক্ষেত্রে লালচে ফুসকুড়ি দেখা যায়,যা হামের সঙ্গে বিভ্রান্তি তৈরি করতে পারে।স্কারলেট জ্বরে গলা ব্যথা,জ্বর এবং লালচে র‍্যাশ দেখা যায়।অন্যদিকে কোভিড-১৯ এ জ্বর, কাশি ও শ্বাসকষ্টের পাশাপাশি কিছু ক্ষেত্রে ত্বকে র‍্যাশও দেখা যেতে পারে।হামের ক্ষেত্রে সাধারণত একসঙ্গে চোখ লাল হওয়া,কাশি,নাক দিয়ে পানি পড়া এবং মুখের ভেতরে সাদা দাগ দেখা যায়, যা অন্য রোগে একসঙ্গে থাকে না।তাই এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

You might also like