ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেট থেকে উদ্ধার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সিলেট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাদের উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭),বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। তাদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার (৩০ জুন) ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে চার শিক্ষার্থী একসঙ্গে বাড়ি থেকে বের হয়।পরে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।বিদ্যালয় ও প্রাইভেট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়,সেদিন তারা কোথাও উপস্থিত হয়নি।পরে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।জিডির পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে।একপর্যায়ে তাদের অবস্থান সিলেটে শনাক্ত করা হয়।পরে বুধবার দুপুরে সিলেট থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “জিডি পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং বুধবার দুপুরে সিলেট থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের সুস্থ অবস্থায় পাওয়া গেছে।কী কারণে তারা সেখানে গিয়েছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।তিনি জানান, বর্তমানে শিক্ষার্থীরা সিলেটে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে তারা কেন সিলেটে গিয়েছিল, সে বিষয়েও তদন্ত চলছে।

You might also like