দক্ষিণ এশিয়ার জেন-জি পলিটিক্স: এবার দিল্লির রাজপথে ওয়াশিংটনের ভূ-রাজনৈতিক ব্লু-প্রিন্ট
চৌধুরী ফরহাদ
ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষস্থানীয় বিরোধী নেতাদের রাজধানী দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে নাটকীয়ভাবে আটক বা গ্রেফতার করার ঘটনাটি ভারতীয় রাজনীতিতে এক নতুন ও নজিরবিহীন মোড় এনে দিয়েছে।নিছক নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস বা অভ্যন্তরীণ পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ এখন রূপ নিয়েছে এক গভীর জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক সংকটে।রাজনৈতিক বোদ্ধাদের একাংশের মতে,এই আটকের মধ্য দিয়ে পর্দার আড়ালের এক দীর্ঘস্থায়ী “ককরচ আন্দোলন”বা ছায়াযুদ্ধের আপাত সমাপ্তি ঘটল এবং শুরু হলো এক প্রকাশ্য ও নগ্ন ক্ষমতার লড়াই।তবে এই অভ্যন্তরীণ সংকটের গভীরে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে বৈশ্বিক পরাশক্তি,বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সুদূরপ্রসারী, জটিল ও সূক্ষ্ম ভূ-রাজনৈতিক দাবার চাল।
নেহেরু-ইন্দিরার উত্তরাধিকার এবং মার্কিন বলয় বিতর্ক:ভারতের রাজনীতিতে জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর আমলকে দেখা হতো মার্কিন সাম্রাজ্যবাদ ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক আপসহীন অধ্যায় হিসেবে।নেহেরুর জোটনিরপেক্ষ নীতি (Non-Aligned Movement) এবং ইন্দিরা গান্ধীর সমাজতান্ত্রিক ঝোঁক ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) সাথে গভীর কৌশলগত বন্ধুত্ব ওয়াশিংটনের জন্য সবসময়ই ছিল এক চরম অস্বস্তির কারণ।কিন্তু সমসাময়িক রাজনীতিতে প্রশ্ন উঠেছে, সেই নেহেরুর দৌহিত্র বা ইন্দিরার নাতি রাহুল গান্ধী কি আজ নিজের অজান্তেই কিংবা কৌশলগত কারণে মার্কিন ডিপ স্টেট-এর এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হচ্ছেন? সমালোচকদের দাবি,ভারতের বর্তমান জাতীয়তাবাদী সরকারকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করতে এবং দেশের ভেতরে এক ধরনের দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বজায় রাখতে পশ্চিমা শক্তিগুলো ভারতের অভ্যন্তরীণ ইস্যুগুলোকে সূক্ষ্মভাবে হাতিয়ার বানাচ্ছে ককরচ জনতা পার্টি (CJP)।মোদী সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতি—যা ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও রাশিয়ার সাথে তেল বাণিজ্য বজায় রেখেছে এবং মার্কিন চাপের মুখেও সম্পূর্ণ নতজানু হয়নি—তা ওয়াশিংটনের বৈশ্বিক কৌশলের সাথে সাংঘর্ষিক।ফলে,ভারতের ভেতরের সরকার-বিরোধী যেকোনো তীব্র আন্দোলনকে পশ্চিমা মিডিয়া এবং থিংক-ট্যাংকগুলো যেভাবে পরোক্ষ জ্বালানি জোগায়,তা এই দালালি বা মার্কিন বলয়ে জড়িয়ে পড়ার সন্দেহে নতুন হাওয়া দেয়।
ওয়াশিংটনের অবাধ্য নয়াদিল্লি: মার্কিন নীতিতে মোদী প্রশাসনের লাল কার্ড: ভারতের চলমান রাজনৈতিক অস্থিরতার নেপথ্য কারণ বুঝতে হলে মোদী প্রশাসনের সাম্প্রতিক কিছু স্বাধীন ও সাহসী বৈশ্বিক সিদ্ধান্তকে বিশ্লেষণ করা জরুরি,যা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একমেরু আধিপত্যবাদী নীতিকে (Unipolar Hegemony) সরাসরি চ্যালেঞ্জ করেছে। ওয়াশিংটনের চোখ রাঙানি উপেক্ষা করে নয়াদিল্লি যেসব ক্ষেত্রে নিজস্ব জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে,তার প্রধান ৪টি কারণ নিচে দেওয়া হলো:
ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার তেল বাণিজ্য: ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। তারা ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে নিষেধাজ্ঞা দিলেও মোদী প্রশাসন তা সরাসরি প্রত্যাখ্যান করে।ভারত কেবল রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল (Discounted Crude Oil) কেনাই চালু রাখেনি,বরং বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতাদের একটিতে পরিণত হয়েছে। মার্কিন ডলারের বিকল্প হিসেবে রুপি-রুবেল বা দিরহামে এই বাণিজ্য সম্পন্ন করে ভারত মার্কিন ডলারের একচেটিয়া সাম্রাজ্যকে বড় ধাক্কা দিয়েছে।
ইরান ইস্যুতে কৌশলগত অবস্থান ও চাবাহার বন্দর: ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছিল,ভারত তখন ওয়াশিংটনের নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের কৌশলগত চাবাহার বন্দর (Chabahar Port) পরিচালনার জন্য ১০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করে।মধ্য এশিয়া ও আফগানিস্তানে চীনের প্রভাব রুখতে এবং পাকিস্তানের ভূখণ্ড এড়াতে ভারতের জন্য এই বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন হুমকি সত্ত্বেও ইরান ইস্যুতে ভারতের এই নীরবতা ও পরোক্ষ সহযোগিতা ওয়াশিংটনকে ক্ষুব্ধ করেছে।
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও ‘র’ (R&AW) বিতর্ক: সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চে সবচেয়ে বড় আলোড়ন তুলেছে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (R&AW) কর্তৃক ভারতবিরোধী উগ্রপন্থীদের লক্ষ্য করে নিখুঁত অপারেশন চালানোর অভিযোগ।বৈশ্বিক গণমাধ্যম (দ্য গার্ডিয়ান) -এর প্রতিবেদনে দাবি করা হয়, ভারত তার জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের সীমানার বাইরে গিয়েও অ্যাকশন নিচ্ছে। মার্কিন মিত্র পাকিস্তানের অভ্যন্তরে ভারতের এই ধরনের প্রভাব বিস্তার এবং ওয়াশিংটনের সাজানো আঞ্চলিক ছককে তোয়াক্কা না করা মার্কিন থিংক-ট্যাংকগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্রিকস (BRICS) ও গ্লোবাল সাউথের নেতৃত্ব: মোদী প্রশাসন আমেরিকার তৈরি জি-৭ অক্ষের বিপরীতে গিয়ে চীন-রাশিয়ার সাথে ব্রিকস (BRICS) জোটকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে।ভারত নিজেকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব-রাজনীতির কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করছে,যা দক্ষিণ এশিয়ায় মার্কিন একক আধিপত্য বিস্তারের পথে সবচেয়ে বড় বাধা।ওয়াশিংটন খুব ভালো করেই জানে যে,মোদী সরকারকে সম্পূর্ণ নিজেদের বলয়ে টেনে আনা অসম্ভব।ফলে ভারতের এই স্বাধীনচেতা জাতীয়তাবাদী নীতিকে দুর্বল করতে এবং আন্তর্জাতিকভাবে ভারতের দর-কষাকষির ক্ষমতা কমাতে দেশের ভেতরে হাইব্রিড ওয়ারফেয়ার বা কৃত্রিম অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন।
ককরচ জনতা পার্টি (CJP): নেপথ্য কাহিনী ও মনস্তাত্ত্বিক যুদ্ধ:ভারতের এই চলমান যুব অসন্তোষের পেছনে সবচেয়ে আলোচিত উপাদান হয়ে উঠেছে ককরচ জনতা পার্টি (CJP) নামক একটি ব্যতিক্রমী আন্দোলন।এই ব্যঙ্গাত্মক অথচ তীব্র political প্ল্যাটফর্মের নেপথ্য কাহিনীটি বেশ চমকপ্রদ।২০২৬ সালের মে মাসে ভারতের প্রধান বিচারপতি এক শুনানিতে অসন্তুষ্ট যুবক ও আন্দোলনকারীদের উদ্দেশ্যে ককরচ (তেলাপোকা) এবং প্যারাসাইট (পরজীবী) শব্দ ব্যবহার করেন।এই চরম অপমানকে ক্ষোভের হাতিয়ার বানিয়ে বোস্টন ইউনিভার্সিটির ছাত্র ও political strategist অভিজিৎ দীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন— “যদি সব ককরচ এক হয়ে যায়,তবে কী হবে?”
সেখান থেকেই জন্ম নেয় ‘ককরচ জনতা পার্টি’।শাসক দল বিজেপির (BJP) নামের সাথে মিল রেখে তৈরি এই ছদ্ম-দলটি অতি দ্রুত টিকটক ও ইনস্টাগ্রামে কোটির ওপর (প্রায় ২২ মিলিয়ন) ফলোয়ারের এক বিশাল ভার্চুয়াল সাম্রাজ্য গড়ে তোলে। কর্মসংস্থানের অভাব, নিট পরীক্ষার দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল ইস্যুগুলোকে সামনে রেখে তারা লক্ষ লক্ষ তরুণকে রাস্তায় নামিয়ে আনে।বাহ্যিকভাবে একে বেকার যুবকদের একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম মনে হলেও,প্রতিরক্ষা ও গোয়েন্দা বিশ্লেষকদের মতে,এটি আসলে পশ্চিমা হাইব্রিড ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ।যেকোনো সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থাকে ব্যঙ্গ এবং উপহাসের মাধ্যমে জনগণের চোখে হাস্যকর ও অকার্যকর প্রমাণ করাই এই ‘ককরচ স্ট্র্যাটেজি’র মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষের মনে রাষ্ট্রের আইনি কাঠামোর প্রতি আর কোনো শ্রদ্ধা না থাকে।
আরব বসন্ত থেকে দক্ষিণ এশিয়া: জেন-জি (Gen-Z) প্রজন্মের ভূ-রাজনৈতিক ব্যবহার:ভারতের এই ককরচ আন্দোলন এবং একের পর এক সরকার-বিরোধী বিক্ষোভের যে ক্ষিপ্র ধরন, তার সাথে ২০১০-২০১১ সালের মধ্যপ্রাচ্যের আরব বসন্ত (Arab Spring)-এর যেমন মিল রয়েছে, তেমনি এর সবচেয়ে বড় এবং টাটকা উদাহরণ ছড়িয়ে আছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে।মার্কিন ডিপ স্টেট এবং পশ্চিমা থিংক-ট্যাংকগুলো এখন আর প্রথাগত রাজনীতির ওপর ভরসা করছে না;তাদের নতুন হাতিয়ার হচ্ছে প্রযুক্তিনির্ভর, আবেগপ্রবণ এবং রাজনৈতিকভাবে অসচেতন জেন-জি (Gen-Z) বা জুমার্স প্রজন্ম।
স্থিতিশীলতা ও স্বাভাবিক অবস্থা বিনষ্টের ছক: আরব বসন্তের আগে লিবিয়া বা সিরিয়ার মতো দেশগুলোতে শক্তিশালী অর্থনীতি এবং আপেক্ষিক সামাজিক স্থিতিশীলতা ছিল। মার্কিন ডিপ স্টেট ফেসবুক, টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রাতারাতি তরুণ প্রজন্মকে উস্কে দেয়।স্বৈরাচার পতনের নামে সাদ্দাম হোসেন বা মুয়াম্মার গাদ্দাফির মতো জাতীয়তাবাদী নেতাদের সরিয়ে দেওয়ার পর সেসব দেশে কোনো গণতন্ত্র আসেনি,এসেছে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও ধ্বংসস্তূপ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার কালার রেভোলিউশন: শ্রীলঙ্কায় অর্থনৈতিক ধসের জেরে গড়ে ওঠা আরাগালিয়া আন্দোলন কিংবা বাংলাদেশে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন— উভয় ক্ষেত্রেই মূল চালিকাশক্তি ছিল এই জেন-জি প্রজন্ম।দুর্নীতি,স্বৈরাচার এবং বেকারত্বের বিরুদ্ধে তরুণদের জেনুইন ক্ষোভকে ফেসবুক,এক্স (টুইটার) এবং প্রপাগান্ডা অ্যালগরিদমের মাধ্যমে এমনভাবে হাইপ দেওয়া হয়,যা শেষ পর্যন্ত নির্বাচিত বা প্রতিষ্ঠিত রাষ্ট্রকাঠামোকে তাসের ঘরের মতো ভেঙে দেয়।
নেপালের রাজনৈতিক অস্থিরতা: নেপালের তরুণ প্রজন্মকেও একইভাবে ইন্টারনেটের মাধ্যমে ঐতিহ্যগত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, যার ফলে হিমালয় কন্যা রাষ্ট্রটিতে কোনো সরকারই স্থায়িত্ব পাচ্ছে না এবং সেখানে ওয়াশিংটনের সামরিক বা কৌশলগত প্রভাব বাড়ানোর পথ প্রশস্ত হচ্ছে।আরব বসন্তে যা করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘উই আর অল খালেদ সাঈদ’পেজের মাধ্যমে,দক্ষিণ এশিয়ায় আজ ঠিক একই কায়দায় ‘ককরচ জনতা পার্টি’ কিংবা বৈষম্যবিরোধী পেজ ব্যবহার করে তরুণদের ক্ষোভকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই—যেসব রাষ্ট্র মার্কিন একক আধিপত্য (Hegemony) মেনে নিতে অস্বীকৃতি জানায়,তাদের ভেতরে নাগরিক অসন্তোষের আগুন জ্বালিয়ে দিয়ে চিরতরে অস্থিতিশীল করে তোলা।
দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র: দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্দেশ্য কেবল ভারতকেন্দ্রিক নয়,বরং সমগ্র অঞ্চলের ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে রাখা।চীনের ক্রমবর্ধমান উত্থান ঠেকানো এবং এই অঞ্চলে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-কে প্রতিহত করাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
এই লক্ষ্য অর্জনে তারা তিনটি স্তরে কাজ করছে:
১)টেলর-মেড শাসন পরিবর্তন (Regime Change): বাংলাদেশ,শ্রীলঙ্কা কিংবা নেপালের মতো ভারতের ভেতরেও এক ধরনের কালার রেভোলিউশন বা নাগরিক অভ্যুত্থানের আবহ তৈরি করা মার্কিন ডিপ স্টেটের একটি চেনা কৌশল।যেখানে জেন-জি তরুণদের সামনের সারির ঢাল হিসেবে ব্যবহার করা হয়।
২)অভ্যন্তরীণ ফাটল সৃষ্টি: ভারতের মতো বহুত্ববাদী দেশে জাতিগত,ধর্মীয় কিংবা শিক্ষার্থীদের আবেগঘন ইস্যুগুলোকে (যেমন প্রশ্নপত্র ফাঁস বা কোটা আন্দোলন) ব্যবহার করে সরকারের ওপর তীব্র মনস্তাত্ত্বিক ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়।
৩) কৌশলগত ব্ল্যাকমেইলিং: মানবাধিকারের প্রেসক্রিপশন এবং অর্থনৈতিক বা আইনি নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকি দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মার্কিন অক্ষের (যেমন আইপিএস বা কোয়াড) পূর্ণ অনুসারী হতে বাধ্য করার চেষ্টা প্রতিনিয়তই দৃশ্যমান।
পরিশেষে- সংকটের গতিপ্রকৃতি: ককরচ খেলার ফুল স্টপ ও নতুন রাজনৈতিক অধ্যায়: রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের আটকের ঘটনা প্রমাণ করে যে, রাষ্ট্রব্যবস্থা এখন আর পর্দার আড়ালের কোনো ছায়াযুদ্ধ বা অদৃশ্য শক্তির চালকে কেবল আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে রাজি নয়।সরাসরি অ্যাকশনে যাওয়ার মাধ্যমে মোদি সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে,রাজপথের অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত বরদাস্ত করা হবে না।এটিকে যদি ককরচ খেলা নামক কৃত্রিম সংকটের ফুল স্টপ হিসেবে ধরা হয়,তবে এখান থেকেই শুরু হচ্ছে এক জটিল রাজনৈতিক মহাসংকট।একদিকে বিরোধী দল একে ‘গণতন্ত্রের হত্যা’ এবং ‘পুলিশি রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে।অন্যদিকে,সাধারণ মানুষের মনে এই প্রশ্নটি আরও ঘনীভূত হবে যে—নেহেরু-ইন্দিরার উত্তরসূরিরা কি আসলেই ভারতের সার্বভৌম স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো বিদেশি শক্তির ক্রীড়নকে পরিণত হচ্ছেন,নাকি এটি স্রেফ বর্তমান শাসকগোষ্ঠীর রাজনৈতিক প্রতিহিংসা?
লেখক পরিচিতি: কলামিস্ট ও মুক্তিযুদ্ধের পক্ষের একজন প্রগতিশীল রাজনৈতিক কর্মী।
চৌধুরী ফরহাদ