“পাকিস্তানের রাজনীতিতে বেলুচিস্তানের মুক্তিকামী মানুষের অধিকার, অবিভক্ত ন্যাপ এবং বঙ্গবন্ধুর আপসহীন ভূমিকা”
চৌধুরী ফরহাদ
পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের পাতাগুলো উল্টালে যে চরম বৈষম্য ও শোষণের চিত্র ফুটে ওঠে, তার সবচেয়ে বড় শিকার ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিমের বেলুচিস্তান। এই দুই প্রান্তিক ভূখণ্ডের অধিকারবঞ্চিত মানুষকে শোষণের বিরুদ্ধে এক সুতোয় বেঁধেছিল তৎকালীন পূর্ব বাংলার প্রগতিশীল রাজনৈতিক চেতনা। ১৯৫৭ সালের জুলাই মাসে ঢাকার রূপমহল সিনেমা হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর হাত ধরে যখন ন্যাপের জন্ম হয়, তখন তা পাকিস্তানের শোষিত জাতিসত্তাগুলোর আত্মনিয়ন্ত্রণাধিকারের এক বৈপ্লবিক ইশতেহার হিসেবে আত্মপ্রকাশ করে। তবে বেলুচিস্তানের এই স্বাধিকার আন্দোলনকে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে নেতা সবচেয়ে বড় তাত্ত্বিক ও রাজনৈতিক ভিত্তি দান করেছিলেন, তিনি আর কেউ নন—বাঙালির স্বাধিকার আন্দোলনের মহানায়ক ও তৎকালীন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ন্যাপের জন্মের পরপরই পূর্ব পাকিস্তানের নেতারা স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে, পাঞ্জাবি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া ‘এক ইউনিট’ (One Unit) ব্যবস্থা মূলত বেলুচিস্তানের মতো অঞ্চলের নিজস্ব স্বায়ত্তশাসন ও ঐতিহ্যকে গিলে খাওয়ার এক নীল নকশা। ঢাকায় ন্যাপের উদ্বোধনী অধিবেশনেই বাঙালি নেতাদের জোরালো সমর্থনে এই এক ইউনিট বাতিলের দাবি তোলা হয়। মওলানা ভাসানী নিজে বেলুচিস্তানের কালাত ও কোয়েটার মতো প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল সফর করে সাধারণ বেলুচদের ওপর সামরিক জান্তার নির্মম শোষণ প্রত্যক্ষ করেছিলেন। পূর্ব বাংলায় ফিরে এসে তিনি প্রতিনিয়ত জনসভায় গর্জে উঠেছেন এবং স্পষ্ট ভাষায় সতর্ক করেছিলেন যে, যতক্ষণ না বেলুচিস্তানের মানুষ তাদের নিজস্ব খনিজ ও প্রাকৃতিক সম্পদের ওপর পূর্ণ অধিকার পাচ্ছে, ততক্ষণ পাকিস্তানের কোনো ভূখণ্ডের মানুষের মুক্তি মিলবে না।
এই আন্দোলনের সমান্তরালে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি বেলুচিস্তানের মুক্তিকামী মানুষের জন্য এক সঞ্জীবনী সুধা হিসেবে আবির্ভূত হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু যখন লাহোরে বসে পাকিস্তানের শোষিত প্রদেশগুলোর পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে ৬ দফা ঘোষণা করেন, তখন বেলুচ জাতীয়তাবাদী নেতারা এর মাঝে নিজেদের মুক্তির আলো দেখতে পান। বিশেষ করে বেলুচ নেতা আতাউল্লাহ মেঙ্গল পরবর্তী সময়েও স্পষ্ট করে বলেছিলেন যে, বঙ্গবন্ধুর ৬ দফার রাজনৈতিক দর্শন এবং বেলুচদের নিজেদের অধিকারের লড়াই মূলত একই সূত্রে গাঁথা। পাকিস্তানের কেন্দ্রীয় সামরিক জান্তা যখন বাঙালির এই মুক্তির সনদকে নস্যাৎ করতে বঙ্গবন্ধুকে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’য় বন্দি করে, তখন বেলুচিস্তানের ন্যাপ নেতারা লিয়াকত বাঘসহ বিভিন্ন জনসভায় বঙ্গবন্ধুর নিঃশর্ত মুক্তির দাবিতে মুখর হয়েছিলেন।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মুখে বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনী প্রচারণায় বেলুচিস্তানের অধিকারের কথা বারবার তুলে ধরেন। ১৯৭১ সালের মার্চে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা চলাকালীন এবং অসহযোগ আন্দোলনের দিনগুলোতেও বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের ন্যাপ প্রধান খান আবদুল ওয়ালী খানসহ বেলুচ নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছিলেন।বঙ্গবন্ধু স্পষ্ট জানতেন,স্বৈরাচারী সামরিক জান্তার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালি এবং পশ্চিমের বেলুচদের লড়াইটা আসলে অভিন্ন শোষকদের বিরুদ্ধে। তিনি সর্বদা বিশ্বাস করতেন, পূর্ব পাকিস্তানের মানুষের যেমন পূর্ণ স্বায়ত্তশাসন চাই, তেমনি বেলুচিস্তান, সিন্ধু ও সীমান্ত প্রদেশের মানুষেরও নিজেদের ভাগ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও গণতান্ত্রিক অধিকার থাকতে হবে।
১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ এবং উত্তর-পশ্চিম সীমান্ত ও বেলুচিস্তানে খান আবদুল ওয়ালী খানের নেতৃত্বাধীন ন্যাপ এক বিশাল জয় পায়।১৯৭১ সালে পাকিস্তান রাষ্ট্র ভেঙে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, পশ্চিম পাকিস্তানে ন্যাপের রাজনীতিতে বঙ্গবন্ধুর সেই দীর্ঘ লড়াইয়ের গভীর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর ৬ দফার আঞ্চলিক স্বায়ত্তশাসনের মূল দর্শনকে ধারণ করেই বেলুচিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো আতাউল্লাহ মেঙ্গলের নেতৃত্বে ন্যাপের এক ঐতিহাসিক কোয়ালিশন সরকার গঠিত হয় এবং মীর গাউস বক্স বিজেনজো গভর্নর নিযুক্ত হন। কিন্তু ন্যাপের এই উত্থান ও বেলুচদের নিজেদের সম্পদের ওপর অধিকার দাবি করার বিষয়টি পাকিস্তানের কেন্দ্রীয় শাসকগোষ্ঠী মেনে নিতে পারেনি।মাত্র নয় মাসের মাথায় ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে জুলফিকার আলী ভুট্টো সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বেলুচিস্তানের ন্যাপ সরকার ভেঙে দেন, যা পরবর্তীকালে চার বছরব্যাপী এক ভয়াবহ সশস্ত্র বিদ্রোহের জন্ম দেয়।
মীর গাউস বক্স বিজেনজো, আতাউল্লাহ মেঙ্গল কিংবা খায়ের বক্স মারির মতো ন্যাপের শীর্ষ নেতাদের বন্দি করে দলটিকে চিরতরে নিষিদ্ধ করা হলেও, ঢাকায় রোপণ করা ন্যাপের সেই প্রগতিশীল বীজ এবং বঙ্গবন্ধুর ৬ দফার স্বাধিকারের চেতনা বেলুচিস্তানের পাহাড় থেকে মুছে ফেলা যায়নি। আজকের বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি-মেঙ্গল) কিংবা ন্যাশনাল পার্টির মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলো আসলে ন্যাপেরই আদর্শিক উত্তরাধিকার বহন করছে। পাকিস্তানের ইতিহাসের সেই ক্রান্তিকালে পূর্ব পাকিস্তানের মাটি থেকে মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধিকার ও স্বায়ত্তশাসনের যে দ্রোহের সূচনা হয়েছিল, তা আজও বেলুচ জনগণের আত্মনিয়ন্ত্রণের লড়াইয়ের এক অবিনাশী অনুপ্রেরণা হয়ে টিকে আছে।
লেখক পরিচিতি: কলামিস্ট এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক কর্মী।