প্রকৃতি পরিবেশ ও রবীন্দ্রনাথ
দিলীপ মজুমদার
প্রকৃতি ও পরিবেশ ? খুব জানি আমরা । আমাদের চারপাশের জল, হাওয়া, মাটি , গাছ . নদী , সমুদ্র এইসব তো! পরিবেশ দূষণের কথাও বিলক্ষণ জানি। স্কুলে-কলেজে চালু করেছি পরিবেশ বিজ্ঞান। পরিবেশ দূষণ সম্বন্ধে রচনা লিখতে হলে ফাটিয়ে লিখি। পরিবেশ দিবসের উপর চমৎকার ভাষণ দিয়ে ফেলি। তার মানে আমরা পরিবেশ সচেতন। এবার একটা গোলমেলে জায়গা । সত্যই কি পরিবেশ সম্বন্ধে সচেতন আমরা ? পরিবেশ সম্বন্ধে পুঁথিগত জ্ঞানের সঙ্গে ব্যবহারিক জীবনের তো কোন মিল নেই আমাদের । ঘরের পাশে গাছ হলে জঞ্জাল বলে অবলীলাক্রমে কেটে ফেলি । বন কেটে ফেলে আদিবাসীদের তাড়িয়ে খনি তৈরির সময় আমরা উন্নয়নের দোহাই দিই , নদীতে ময়লা জঞ্জাল ফেলে দিই অকাতরে , মাটি থেকে যেমন খুশি জল তুলি যেন তার ভাণ্ডার অফুরন্ত , ফসল ফলানোর জন্য বস্তা বস্তা রাসায়নিক সার দিয়ে বড় বড় বেগুন-মুলো-পটল-ঝিঙ্গের আশা করি । আসলে আমরা সবাই শুধু বর্তমানের কথা ভাবি । উট পাখির মতো মাটিতে মুখ ঢেকে ভাবি প্রলয়কে ঠেকানো যাবে । অথচ কবি সুকান্তের ভক্ত হিসেবে আমরা গলা ফাটাই এই বলে যে বিশ্বকে আমরা পরবর্তী প্রজন্মের বাসযোগ্য করে যাব ।
আমাদের ঠাকুর কিন্তু পরিবেশ নিয়ে বহুদূর পর্যন্ত ভেবেছিলেন । শুধু ভাবনা নয় , ব্যবহারিক জীবনে সেসব প্রয়োগ করার চেষ্টা করেছিলেন । ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো ! সোজা করে সেটাই বলুন না । তাঁর গোটা কয়েক কবিতা (১২৫ টার মতো) পড়ে , গোটা কয়েক গান ( ১৫০ টার মতো) শুনে , দু-চারটে নৃত্যনাটক দেখেছি তো । সেটাই মোদ্দা কথা । একটু তল্লাশ করলেই বোঝা যাবে রবীন্দ্রনাথের চিন্তা-ভাবনামূলক গদ্য লেখা মন দিয়ে আমরা শতকরা এক ভাগ মানুষও পড়িনি । পড়িনি নি বলেই আমরা জানিনা পরিবেশ নিয়ে অনেকদূর ভেবেছিলেন তিনি ।এতখানি গভীরভাবে ভেবেছিলেন যে আজ তাঁকে বিশ শতকের পরিবেশবিদ বলতেও দ্বিধা থাকে না ।
শুনে আপনি লাফিয়ে উঠবেন । বলবেন , এ আর কি নতুন কথা ! আমরা জানি ‘গুরুদেব’ ( এ সম্বোধন ফাঁকিবাজদের ) প্রকৃতি প্রেমিক কবি । তিনি ফুল , চাঁদ. গাছ এসব নিয়ে কত মধুর মধুর কবিতা লিখেছেন। আপনি কি ‘ছিন্নপত্র’ পড়েছেন ? একটু ভালো করে পড়ে দেখুন । দেখবেন , শুধু প্রকৃতিপ্রেম নয় . প্রৃকৃতি সম্পর্কে ছেঁদো ভালোবাসা নয় । তিনি বলছেন তিনি প্রকৃতির সন্তান , প্রকৃতির সঙ্গে তাঁর নাড়ির সম্বন্ধ , বলছেন সুদূর অতীতে তিনি মাটি ছিলেন , তাঁর উপর শ্যামল বৃক্ষের হিল্লোল বয়ে যেত । তিনি বলছেন প্রৃকৃতির প্রাণের কেন্দ্রে তিনিও বিরাজমান । এমন কি তাঁর মৃত্যু হলেও ভয় নেই । মৃত্যুর পরে তিনি মাটি হলে, জল হলে , তৃণ হলে , ফুলদল হলে ভাবনার কিছু নেই , কেননা ‘যেথা যাব সেথা অসীম বাঁধনে অন্ত্যবিহীন আপনা’ ।
একটা কথা বলা দরকার । প্রৃকৃতি সম্বন্ধে এই ভাবনা আমাদের ঐতিহ্যগত । এখানে পাশ্চাত্যের সঙ্গে বড্ড অমিল । পাশ্চাত্যে প্রকৃতির প্রভু হতে চেয়েছে মানুষ । তাকে শোষণে-লুণ্ঠনে রিক্ত করে দিতে চেয়েছে । শিল্প বিপ্লব থেকে প্রৃকৃতির উপর প্রভুত্ব করার ব্যাপক সূচনা হয়েছে । আমরা কিন্তু প্রৃকৃতির সঙ্গে আত্মীয়তা পাতিয়েছি , তার কাছ থেকে হাত পেতে নিয়েছি , অকৃতজ্ঞ হই নি , ভালোবাসার প্রতিদান দিয়েছি ।প্রৃকৃতি সম্বন্ধে এই যে সর্বাত্মক দৃষ্টি , এই যে ‘হোলিস্টিক অ্যাটিটিউট’ , আমাদের ঠাকুর এই ঐতিহ্যে লালিত । তাই প্রকৃতির উপর আঘাতের প্রতিবাদ করেছেন তিনি , প্রকৃতির প্রতিশোধের কথা বলেছেন ।
অথচ আশ্চর্যের ব্যাপার এই যে রবীন্দ্রনাথের জীবৎকালে প্রকৃতি ও পরিবেশের সংকট এমন করে দেখা দেয় নি, জলবায়ু পরিবর্তন এমন চেহারা নেয় নি, হিমবা্হ এমন করে গলতে শুরু করেনি , দাঁতমুখ খিঁচিয়ে এমন করে উদ্যত হয়ে ওঠেনি বিশ্ব উষ্মায়ন ।তবু তিনি তাঁর প্রজ্ঞাদৃষ্টি দিয়ে অনুভব করেছিলেন আগামী দিনের অবস্থাটা । শান্তিনিকেতনে শুরু করেছিলেন হলকর্ষণ , বৃক্ষরোপণ উৎসব , ঋতুরঙ্গ , পল্লি উন্নয়ন আরও কত কি ! সেদিন মানুষ এসবকে তাঁর কবি–খেয়াল বলে উড়িয়ে দিয়েছিল। তিনি যখন বৃক্ষকে ‘আদিপ্রাণ’ বলেছিলেন , তাঁর বন্ধু জগদীশ চন্দ্র নিজের তৈরি যন্ত্রে যখন আবিষ্কার করেছিলেন গাছের প্রাণস্পন্দন , তখনও আমরা তার গুরুত্ব বুঝিনি । আজও বুঝিনা । ‘রক্তকরবী’ নাটক দেখি , কিন্তু মরাধনের অভিশাপের কথা মনে রাখি না । ‘মুক্তধারা’র মূল কথাটা আমাদের উপলব্ধিতে গাঢ় হয়ে থাকলে নদীর উপর যত্রতত্র বাঁধ বাঁধার প্রতিবাদ তো আমরা করতাম এবং মেধা পাটেকর আর হরিদ্বারের ‘মাতৃসদনে’র সাধুদের পাশে দাঁড়াতাম ।
আপনি বলবেন , জনসংখ্যা বাড়ছে , উন্নয়ন তো দরকার ; শিল্প দরকার , চাষের জন্য জল দরকার ।বেঠিক নয় । কিন্তু প্রকৃতিকে ভোগ করে যে শূন্যতা তৈরি করা হচ্ছে , সেটা পূর্ণ করার চিন্তাও দরকার । নাহলে যে বিপর্যয় নেমে আসবে । আসছে তো । দেখছেননা , ছ’টা ঋতুর মধ্যে পাঁচটা হাওয়া হয়ে গেছে , খরা –বন্যা পালা করে আসছে , রোগ–ব্যাধি নতুন নতুন রূপে দেখা দিচ্ছে । উন্নয়ন দরকার , কিন্তু এখনকার অর্থনীতিবিদ বলছেন ‘সাসটেইনেবল ডেভলাপমেন্টে’র কথা । সেটা নিয়ে ক’জনই বা মাথা ঘামাই ! আর একটা কথা । প্রযুক্তির এই অভাবিত উন্নতি আমাদের ভেতরকার লোভ রিপুটাকে ক্রমাগত বাড়িয়ে তুলছে । চাহিদা , চাহিদা , দ্রৌপদীর শাড়ির মতো অন্ত্যহীন চাহিদা । চাহিদার জন্য যোগান ।আরও শিল্প । আরও প্রযুক্তি । আমাদের ঠাকুর এটাও উপলব্ধি করেছিলেন :
আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা,
এ বোঝা আমার নামাও বন্ধু , নামাও ।
দিলীপ মজুমদার: কন্ট্রিবিউটিং কলামিষ্ট, কলকাতা।