বিশ্ব নারী দিবস উদযাপিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব নারী দিবস উদযাপিত হয়েছে। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ এবছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”। এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে নারী দিবসের অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফরিদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেন এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং। শিক্ষামন্ত্রী দীপুমনি নারী উন্নয়নে এখন সারাবিশ্বে বাংলাদেশ রোল মডেল এ কথা উল্লেখ করে বলেন, উন্নয়নের এই অগ্রযাত্রা যেন থেমে না যায়, তাই কোভিড-১৯ মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে আমাদের ছিল সময়োচিত, সমন্বিত বহুমুখী উদ্যোগ। মহামারি মোকাবিলায় ও অর্থনীতিকে সচল রাখতে বিভিন্ন সময়ে ২৮টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রায় ১ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে হেকস/ ইপার আয়োজিত ‘করোনাকালে দলিত ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের প্রতি সহিংসতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বক্তব্য রাখেন।

দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে গত ১৩ বছরে কয়েক দশকে যেভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে এটি উন্নয়নশীল দেশের জন্য সত্যিই একটি উদাহরণ। জাতীয় প্রেসক্লাবের সভাপতি বা সাধারণ সম্পাদক নারী হবেন এটি আগে কেউ ভাবেনি। সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশন, রেডিও এবং অনলাইনে বহু নারী এখন কর্মরত। তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার মনে করে, দেশের অগ্রগতির জন্য নারী অগ্রগতি আবশ্যক। সে কারণে তার নেতৃত্বে নারীর উন্নয়ন ও প্রগতির সুফল পাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন, যদি আগের সরকার প্রধানরা একইভাবে কাজ করতেন, তাহলে বাংলাদেশের নারীরা আরো এগিয়ে যেতে পারতো।জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুল আলম, নারী সাংবাদিক কেন্দ্র সভাপতি নাসিমুন আরা হক মিনু প্রমুখ সভায় বক্তব্য রাখেন। প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আইয়ুব ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমিতি-ডাকসু’র প্রথম নারী সহ-সভাপতি মাহফুজা খানমকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) উদ্যোগে আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। হয়েছে। এ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গনে র‌্যালি, বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে দিনটি উদযাপিত হয়। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে র‌্যালিটি দুপুর ১২টায় ডিআরইউ চত্বর থেকে শুরু হয়ে বারডেম-২ হাসপাতাল হয়ে পুনরায় ডিআরইউতে এসে শেষ হয়। র‌্যালি শেষে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন করা হয় ও কেক কাটা হয়।

নারী দিবসেজাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে নারী ঐক্য পরিষদ আয়োজিত পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান এমপির সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তিনি বলেন,অনলাইনভিত্তিক ই-কমার্স, এসএমই ও অন্যান্যখাতে নারীরা যেভাবে এগিয়ে আসছে তাতে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে নারীদের ভূমিকাই প্রধান হবে । দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় আজ আলোচনা সভার আয়োজন করে । মন্ত্রনালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে অসামান্য অবদান রেখেছে। আর তাই সারাবিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবো। সভায় বক্তৃতা করেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনাজ সামাদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব রুজিনা বেগম, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক প্রমুখ।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির ( সিপিবি ) কেন্দ্রীয় কার্যলয় মুক্তিভবনে নারী কমরেডদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারন সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

You might also like