মৃত্যুর তিন বছর পর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হলেন সাহিদ!

নিউজ ডেস্ক
সত্যবাণী

কুষ্টিয়া: মৃত্যুর তিন বছর পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সহসভাপতি হলেন মো.সাহিদ।তিন বছর আগে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।২৪ জুলাই গঠিত ওয়ার্ড বিএনপির কমিটিতে ৫১ সদস্যের তালিকায় সাহিদকে ৩ নম্বর সহ-সভাপতির পদে রাখা হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে চাপড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হক গণমাধ্যমকে বলেন, ‘ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি রয়েছেন-বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলতে পারব।দলীয় নেতা–কর্মীদের দাবি, ত্যাগী নেতা–কর্মীদের উপেক্ষা করে কমিটি গঠনের ফলেই এমন ভুল ঘটেছে। তাদের অভিযোগ, শীর্ষ পর্যায়ের নেতারা নিজেদের স্বার্থে কমিটিতে নিজ এলাকার ঘনিষ্ঠ লোকজনকে অগ্রাধিকার দিয়েছেন।তবে কমিটিতে মৃত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার বিষয়টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা অস্বীকার করেছেন। তাদের দাবি, এ বিষয়ে তাঁদের কোনো ধারণা ছিল না।দলীয় সূত্রে জানা গেছে,আগামী ৭ আগস্ট চাপড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।তার আগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।এর মধ্যে ২৪ জুলাই ৫ নম্বর ওয়ার্ডে শহিদ মিঞাকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটিতেই ৩ নম্বর সহসভাপতি হিসেবে মৃত মো. সাহিদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

You might also like