যুদ্ধ দীর্ঘ হলে পরিবহনের ভাড়া বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ইউক্রেনে চলমান রুশ অভিযান আরও দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়বে। যার প্রভাবে আমাদের দেশের পরিবহনের ভাড়া ও কৃষি উৎপাদন খরচ বাড়বে।বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শফিউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে তেলের দাম ছাড়িয়ে গেছে ১৩ বছরের রেকর্ড। ২০০৮ সালের পরে তেলের দাম কখনোই এতটা বাড়েনি। বাংলাদেশ বর্তমানে প্রতি বছর ৫০ লাখ টন ডিজেল, ১৩ লাখ অপরিশোধিত তেল, দুই লাখ টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২০ হাজার টন অকটেন আমদনি করে। এখন যে দামে জ্বালানি তেল কিনে বাংলাদেশ নিজেদের বাজারে বিক্রি করছে, তাতে প্রতিদিন ১৫ কোটি ডলারের ওপর লোকসান গুনতে হচ্ছে বলে জানান তিনি।রাশিয়া- ইউক্রেন থেকে বাংলাদেশ খুব বেশি গম আমদনি না করলেও বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে সরবরাহ প্রভাবিত হবে। যুদ্ধ অব্যাহত থাকলে পণ্যবাহী জাহাজের ভাড়া ও বিমা মাশুল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।