রাজধানীতে দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা,দৌড়ে পালানোর চেষ্টা করে রক্ষা হয়নি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে।রবিবার দুপুরে শহিদনগর ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করেন।এ সময় হামলাকারীরা তাঁকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে।ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পরিদর্শক রাশেদুজ্জামান জানান,ঘটনার পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।মরদেহ উদ্ধারের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।নিহত বিপ্লবের বাবার নাম মো.দেলোয়ার।তাঁদের বাসা শহিদনগর এলাকায়।