রাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
নিউজ ডেস্ক
সত্যবাণী
রাজশাহীঃ রাজশাহীর তানোর উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও মনোনয়নবঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মনোনয়ন বঞ্চিতরা মশাল মিছিল বের করলে সংঘর্ষ শুরু হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়িও হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে।স্থানীয়রা জানান, শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলা সদরে মশাল মিছিল বের করেন সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা।এ সময় শরীফ উদ্দিনের অনুসারীরা তাতে ইট-পাটকেল ছুড়েন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।সুলতানুল ইসলাম তারেক বলেন, তারা দল করে আমরাও দল করি। প্রার্থী পছন্দ না হলে সারাদেশেই বিক্ষোভ হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আমার অনুসারীরাও সন্ধ্যায় প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল বের করেন। এতে শরীফ সাহেবের অনুসারীরা হামলা করেন।
তারেক বলেন, ‘শরীফ সাহেব তানোর পৌরসভার সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে নির্দেশ দিয়েছেন, এলাকায় যেন কোনো বিক্ষোভ না হয়। তাই মিজানের লোকজন এ হামলা করেছেন। আমরা এ ব্যাপারে অবশ্যই থানায় অভিযোগ দায়ের করব।তিনি অভিযোগ করেন, তাদের নেতাকর্মীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এসব অটোরিকশায় চড়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে গিয়েছিলেন। গাড়িগুলো ভাঙচুরের পর চাবি নিয়ে চলে যাওয়া হয়েছে বলেও জানান সুলতানুল ইসলাম তারেক।বিষয়গুলো নিয়ে কথা বলতে সাবেক পৌর মেয়র মিজানুর রহমানকে ফোন করা হলেও তিনি ধরেন নি। এরই সাথে ফোন ধরেননি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনও।গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা আব্দুস সালাম বলেন, এখন যে কেউ মিছিল-মিটিং করতেই পারে। তাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। এ বিষয়ে থানায় অভিযোগ হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।