‘রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশীদের সাথে একীভূত করার চেষ্টা করলে তা গণহত্যাজনিত অপরাধ হবে’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিকেল ৩টায় ৭৬তম হিরোশিমা দিবস উপলক্ষে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারের বিষয় ছিল:বর্তমান বিশ্বে গণহত্যা: হিরোশিমা থেকে মায়ানমার’।ওয়েবিনারের প্রধান বক্তা ছিলেন জাপানের এহাইম ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অফ মেডিসিন গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং মেটাবোলজি বিভাগের গবেষক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর। ওয়েবিনারে সভাপতিত্ব করেন নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক শহীদসন্তান অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিজম তুরস্কের সভাপতি, লেখক ও চলচ্চিত্রনির্মাতা ফেরহাত আতিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক রুবি হক, টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিজম তুরস্কের সাধারণ সম্পাদক লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি, নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর হিন্দি বিভাগের সম্পাদক ভারতের তাপস দাস, ফিলিস্তিনি ছাত্র রামি খলিলি, নির্মূল কমিটির কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, জাতিসংঘের শিশু অধিকার সম্পর্কিত কমিটির সদস্য ফয়সাল হাসান তানভীর, নির্মূল কমিটির চট্টগ্রাম শাখার সহ মহিলা বিষয়ক সম্পাদক সুচিত্র গুহ টুম্পা, নির্মূল কমিটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিউল সরকার রুবেল, নির্মূল কমিটির শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহ্বায়ক ডা. মো: মাসুদ আলম ও নির্মূল কমিটির মানিকগঞ্জ শাখার ছাত্রফ্রন্টের সভাপতি রিক্তা রিতু।

সভার প্রধান বক্তা জাপানের এহাইম ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অফ মেডিসিন গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং মেটাবোলজি বিভাগের গবেষক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর বলেন, ‘১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা হামলার মাধ্যমে দুঃসহ মানবতাবিরোধী অপরাধের সূচনা ঘটে। পারমাণবিক বোমা হামলার তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও এই বোমা হামলায় তাৎক্ষণিকভাবে হিরোশিমার কয়েক লক্ষেরও বেশি মানুষ নিহতের বিষয়ে কোনও দ্বিমত নেই। নিক্ষেপের ৭৫ বছর পরে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকেও এই পারমাণবিক বোমা হামলার প্রতিক্রিয়া দৃশ্যমান।’

গবেষক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর আরও বলেন, ‘অতীত কর্মকাণ্ডের জন্য দায়ী না হলেও আমেরিকার বর্তমান সচেতন নাগরিক সমাজ ১৯৪৫ সালের ৬ আগস্টের বর্বরোচিত সেই পারমাণবিক বোমা হামলার পুনর্মূল্যায়ন করতে পারে। আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে বারাক ওবামা প্রথম পারমাণবিক হামলার দুঃসহ স্মৃতিজর্জরিত হিরোশিমা স্মৃতি জাদুঘর ও হিরোশিমা পিস পার্ক পরিদর্শন করলেও তার পূর্বসূরির এহেন কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেননি। অথচ তা নিঃসন্দেহে ছিল গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ। আমরা আশা করি, আমেরিকার বিশিষ্টজনরা এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এই ক্ষমা প্রার্থনা অন্য যে কোনও রাষ্ট্রের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অধিক প্রয়োজন। কারণ দায়িত্বজ্ঞানহীন বেশকিছু রাষ্ট্র পরমাণবিক বোমাসহ ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মজুদ করছে এবং যুদ্ধবাজ ও দখলদার এই রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তার অজুহাতে এসব অস্ত্র ব্যবহার করার চেষ্টা করবে। এই বিভীষিকা থেকে পরিত্রাণের একমাত্র উপায়Ñ অবিলম্বে ১৩ হাজারেরও বেশি পারমাণবিক সমরাস্ত্র ধ্বংস করা।’

সভার সভাপতি নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক শহীদসন্তান অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী রোহিঙ্গা শরণার্থীদেরকে বাংলাদেশীদের সাথে একীভূত করার প্রস্তাবের জন্য বিশ্বব্যাংকের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি বিশ্বব্যাংক বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরকে বাংলাদেশীদের সাথে একীভূত করতে সহায়তা করার প্রচেষ্টা করে, তবে তা জাতিগত নির্মূল বা গণহত্যাজনিত অপরাধ হিসেবে চি‎ি‎হ্নত হবে। রোহিঙ্গা, ফিলিস্তিনি, উইঘুর অথবা যে কোনও জাতি বা সম্প্রদায়ের স্বতন্ত্র পরিচয় মুছে ফেলার চেষ্টা গণহত্যাজনিত অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রকৃতপক্ষে, বিশ্বব্যাংকের এমন জঘন্য প্রস্তাবে আমরা ক্ষুব্ধ। আমরা এই ধরনের অপমানজনক প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই এবং অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যা বন্ধ করতে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী সহ অন্যান্য জাতিসত্ত্বার বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে দ্রুত তাদের স্বদেশে প্রত্যাবাসনের জন্য জাতিসংঘকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানাই।’

টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিজম তুরস্কের সভাপতি, লেখক ও চলচ্চিত্রনির্মাতা ফেরহাত আতিক গণহত্যাজনিত অপরাধ প্রসঙ্গে বলেন, ‘ঐতিহাসিকভাবে গণহত্যাকারীরা সম্মিলিতভাবে তাদের অজ্ঞতা ও নৃশংস মনোভাবের কারণে একে অপরকে নানা অজুহাতে হত্যা করেছে। আধুনিককালে যখন আমরা এই অজ্ঞতা এবং নৃশংসতার অবসান চাই, তখন এ ধরনের গণহত্যা প্রকৃতপক্ষে গণহত্যাকারীরই দুর্বলতা। এ অবস্থা অগ্রহণযোগ্য।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ বলেন, ‘আমাদের সংগঠন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ সর্বদা গণহত্যাজনিত সকল অপরাধের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে এবং গণহত্যাকারীদের বিচার দাবি করে। বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান ও ১৯৭১ সালের পাকিস্তানি যুদ্ধাপরাধীদের আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রতি সমর্থন প্রদান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট পুনরায় আহ্বান জানাই। বার্মায় চলমান রোহিঙ্গা গণহত্যাসহ ফিলিস্তিন, আফগানিস্তান, চীন, সিরিয়া এবং আফ্রিকার কিছু রাষ্ট্রে চলমান গণহত্যাজনিত অপরাধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নিন্দাজ্ঞাপন করার আহ্বান জানাই।’

জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির সদস্য ফয়সাল হাসান তানভীর বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য টোকিও ট্রাইবুনাল গঠিত হয়েছিল। এই ট্রাইবুনালের বাঙালি বিচারক রাধাবিনোদ পাল টোকিও ট্রাইবুনালে হিরোশিমা ও নাগাসাকিতে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার দাবি করেছিলেন, যা অন্য বিচারকরা নাকচ করে দেন। কারণ টোকিও ট্রাইবুনাল গঠন করেছিল আমেরিকা। তখন বিশ্বের কোনও দেশ আমেরিকার এই গণহত্যার নিন্দা করে নি। মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যুদয়ের পর থেকে নিজেদের দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে বহু গণহত্যা ও যুদ্ধাপরাধের জন্য দায়ী। এমন কি বাংলাদেশের গণহত্যা চলাকালে তারা পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে ছিল। গণহত্যাকারীরা এভাবে বিচার থেকে অব্যাহতি পেলে বর্তমান বিশ্ব কখনও গণহত্যার অভিশাপ থেকে মুক্ত হবে না।’

টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিজম তুরস্কের সাধারণ সম্পাদক লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি বলেন, ‘সব ধরনের গণহত্যাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে এবং গণহত্যাকারীদের অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাতিভেদ এবং বিভিন্ন জাতিসত্ত্বার নামে ইতিহাসে গণহত্যার পুনরাবৃত্তি ঘটছে- যার ফলে বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ ও শরণার্থী সমস্যা প্রকট হয়েছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকির সাধারণ বেসামরিক জনগণের উপর পারমাণবিক বোমা হামলা, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তার দোসরদের কর্তৃক সংঘটিত গণহত্যা, বার্মায় রোহিঙ্গা গণহত্যাসহ মানব সভ্যতার এই বর্বরোচিত অধ্যায়গুলি মানবতার জন্য হুমকিস্বরূপ। মানব জীবনের গুরুত্ব সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকতে হবে।সভায় বক্তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে চলমান গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানান। নির্মূল কমিটির তরুণ নেতৃবৃন্দের এই সভায় কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির ও অন্যান্য প্রবীণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

You might also like