শহীদজায়া লিলি চৌধুরীর মৃত্যুতে ঘাতক দালাল নির্মূল কমিটির শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর সহধর্মিণী ও বিশিষ্ট নাট্যাভিনেত্রী শহীদজায়া লিলি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।’ আজ (২ মার্চ) সংগঠনের এক শোক বিবৃতিতে বলা হয়-মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর সহধর্মিণী, নির্মূল কমিটির তথ্যপ্রযুক্তি সেলের সভাপতি শহীদসন্তান আসিফ মুনীরের মা বিশিষ্ট নাট্যাভিনেত্রী শহীদজায়া লিলি চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দোসর জামায়াতে ইসলামীর ঘাতক ‘আল বদর’ বাহিনী দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে নৃশংসভাবে হত্যা করে। ১৪ ডিসেম্বর ‘আল বদর’ বাহিনী অধ্যাপক মুনীর চৌধুরীকে ধরে নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা লিলি চৌধুরীকে সদ্য স্বাধীন বাংলাদেশে এরপর কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়।
‘চাকরির পাশাপাশি তিনি অভিনয় করেন বেতার, মঞ্চ আর টেলিভিশনে। মুনীর চৌধুরীর শুরু করা টেনেসি উইলিয়ামসের ‘স্ট্রিট কার নেমড ডিজায়ার’ নাটকের অসমাপ্ত অনুবাদের কাজ লিলিই শেষ করেন। স্বামীর সঙ্গে তার পত্রালাপ আর দু’জনের লেখা ডায়েরির সংকলন প্রকাশিত হয়েছে ‘দিনপঞ্জি-মনপঞ্জি-ডাকঘর’ শিরোনামে।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৯২-এর জানুয়ারিতে জাহানারা ইমামের নেতৃত্বে নাগরিক আন্দোলনের সূচনা হলেও ১৯৭২-এর ২৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা গণহত্যাকারী, বুদ্ধিজীবীহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রথম রাজপথে নেমেছিলেন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে। এই আন্দোলনে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে বক্তৃতা করেন।
‘মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ ও শহীদজায়া লিলি চৌধুরীসহ পাঁচজন শহীদ পরিবারের প্রতিনিধি ২০১৭ সালের ১৯ জানুয়ারি নির্মূল কমিটির রজতজয়ন্তী ও ৭ম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে রাষ্ট্রপতি যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে অংশগ্রহণের জন্য শহীদজায়া লিলি চৌধুরীকে সম্মাননা প্রদান করেন।বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর সহধর্মিণী ও নাট্যাভিনেত্রী লিলি চৌধুরীর অবদান বিশেষভাবে স্মরণ করবার পাশাপাশি আমরা তাঁর পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্য ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’
স্বাক্ষরদাতা-বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, কথাশিল্পী হাসান আজিজুল হক, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, ক্যাপ্টেন (অবঃ) আলমগীর সাত্তার বীরউত্তম, ক্যাপ্টেন (অবঃ) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অবঃ), মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, সমাজকর্মী আরমা দত্ত এমপি, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল, ড. ফরিদা মজিদ, অধ্যাপক আয়েশ উদ্দিন, অধ্যাপক মেজবাহ কামাল, ডাঃ শেখ বাহারুল আলম, ড. মেঘনা গুহঠাকুরতা, ডাঃ ইকবাল কবীর, মুক্তিযোদ্ধা মকবুল-ই এলাহী চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, এডভোকেট আবদুস সালাম, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গাফ্ফার, কবি জয়দুল হোসেন, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাবেক ফুটবলার শামসুল আলম মঞ্জু, সমাজকর্মী কামরুননেসা মান্নান, এডভোকেট আজাহার উল্লাহ্ ভূইয়া, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব, সাংবাদিক শওকত বাঙালি, উপাধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী শম্পা, লেখক আলী আকবর টাবী, সমাজকর্মী চন্দন শীল, এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, এডভোকেট দীপক ঘোষ, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, লেখক সাংবাদিক সাব্বির খান, মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া, এডভোকেট আবদুল মালেক, সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ, অধ্যাপক সুজিত সরকার, সমাজকর্মী হারুণ অর রশীদ, এডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সমাজকর্মী পূর্ণিমা রাণী শীল, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল, লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি প্রমুখ।