শ্রীমঙ্গলে ডিনস্টন সিমেট্রি যেন এক টুকরো স্কটল্যান্ড
সংগ্রাম দত্ত: দেশ-বিদেশে চায়ের রাজধানী বলে খ্যাত ও পর্যটন নগরী কসমোপলিটান টাউন শ্রীমঙ্গলের আশেপাশের চা-অঞ্চলের পরিচিতি বালিশিরা ভ্যালি।এমন আরো লস্করপুর,লংলা,মনু – ধলই, নর্থ সিলেট ভ্যালি নিয়েই ছিলো স্বাধীনতা পূর্ব সুরমা ভ্যালি। আঁকাবাঁকা চড়াই উৎড়াই রাস্তার দু’পাশে চা বাগান নিয়ে এই ব্যালিশিরা ভ্যালি। কোনটা সমতল,কোনটা ঢেউ খেলানো। সিন্দুরখান, রাজঘাট, কাকিয়াছড়া, ফুলছড়া,কেজুরীছড়া, ভূরভুরিয়া ছন্দোময় নামের সব বাগান। নদী তীরে গাছ গাছালিতে ঘেরা চির চেনা পল্লী কি ধান সরিষা বা সব্জির ক্ষেত নেই। শুধুই চা আর চা ‘ক্ষেত’।দূরে দূরে পাড়া বা পল্লী আছে শুধু বাগানে কাজ চা শ্রমিকদের। মাটির দেয়ালের উপর পুরোনো ঢেউ টিন কি ছনের দোচালা। এর মাঝে হাতে আঁকা আল্পনার দেখা মিলে দেয়ালে কি নিকোনো উঠোনে। আছে বাগান ঘেরা আসাম টাইপের টিনের চালার বাংলো। ভয় নেই দৃষ্টি আহত করা অট্টালিকার দেখা মিলার।
এর মাঝে অপ্রত্যাশিতভাবে দেখা মিলে যায় এক সমাধিস্থলের। ছবির মতো ধোপদুরস্ত। দেখেই বুঝা যায়, দেশীয় নয়, চলে যাওয়া সাহেবদের এই সমাধিস্থল বা গ্রাবিয়ার্ড। চা বাগানের মাঝ দিয়ে চলে যাওয়া রাস্তার পাশে, গাছগাছালি ঘেরা। শ্যাওলা বা আগাছাকে সুযোগ দেয়া হয়নি বেড়ে উঠার । যেমনটা হয়েছে শ্রীপুরের কাওরাইদের ব্রাহ্ম সমাধিস্থলে। সেখানে সাপ সরিসৃপের ভয়ে পা ফেলতে হয় অতি সন্তর্পনে। আর এখানে চেহারা দেখে প্রবেশের আগে নিজে থেকেই জুতো খুলে রাখতে হয় দেয়ালের বাইরে।
নানান ওয়েব সাইটে, মানুষের মুখে সর্বত্র এর পরিচিতি ‘ডিনস্টন সিমেট্রি’। পাশের লে-আউট নকশার সাইনবোর্ডের শিরোনামে ইংরেজিতে লিখা খেজুরীছড়া
সিমেট্রি, ডিনস্টন টি ইস্টেট (Kejuricherra Cemetery, Deanston Tea Estate ).নকশাতে দেখানো ৪৩টি সমাধির মাঝে ২ ও ৩৩ নং সমাধি দুটি ফাঁকা। এখন আছে ৪১টি।কুমিল্লা ময়নামতি ওয়ার সিমেট্রির মতো শতশত সমাধির (৭৩৬টি) এতো সুন্দর নিখুঁত সারির বিন্যাস নেই। আবার উপর থেকে ক্রমে ঢাল হয়ে নীচে নেমে আসা এতো বড়ও নয়, এটি সমতলে, আকারে একেবারেই অনুল্লেখযোগ্য ছোট।কুমিল্লা ময়নামতি ওয়্যার সিমেট্রি– দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মিত্রপক্ষের সৈনিকদের স্মরণে
বলার অপেক্ষা রাখে না চা-বাগানের ‘সাহেব’দের সমাধি এগুলো। তুলে আনা সমাধি ফলকের ছবি থেকে বিবরণ পাওয়া গেছে ১৯ জনের (নীচে বিবরণ সহ তালিকা দেয়া )। তাদের মৃত্যুসাল ১৮৮০ হতে ১৯২২। অর্থ্যাৎ একেবারে শুরুর দিকে আসা সাহেবদেরও গোর আছে এই সিমেট্রিতে ।
সুরমা ভ্যালিতে চা বাগানের শুরু হয় ১৮৬০- দশকে। আসাম-সিলেটকে নিয়ে সাহেবদের মাঝে শুরুতেই জন্ম নেয় চা উন্মাদনা বা ‘tea mania’র । ‘আসাম’ মানে বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগ নিয়ে বৃটিশ ভারতের তৎকালীন ‘আসাম প্রভিন্স’। কেউ আবার একে বলতেন ইন্ডিয়ার কেলাপোর্নিয়া গোল্ড রাশ (California ‘Gold Rush)। সহজে চা-বাগানে প্রচুর মুনাফার প্রচার হতে সৃষ্টি হয় । জাহাজের কাপ্তান অফিসের কেরাণী, সবাই ঝাঁপিয়ে পড়ে চা বাগান করতে। সুরমা ভ্যালির এই এলাকা তখন ছিলো বাঘের বিচরণভূমি আর মশা ভন-ভনের ম্যালেরিয়া উপদ্রুত অরণ্য।আশির দশকের এদেশের তরুণদের মাঝে যেমন ছিলো দুবাই, তেমনি বিলেতের কর্মহীন যুবকদের নিকট ছিলো হেভেনলি প্লিজ কল্ড আসাম (heavenly place called Assam) । আসাম-সিলেটে আসার জন্য পাগল বিলেতের তরুণদের নিয়ে তখন কবিরা কবিতাও লিখেছেন মজা করে।কুমিল্লারটাতে মাটির সাথে বিছানো ছোট ছোট, কালো অথবা বাদামী সাধারণ পাথরের সমাধি ফলক। ওয়ারির খৃস্টান সমাধি ক্ষেত্রে আছে বেশ কিছু ছোট বড় সমাধি সৌধ। এখানে সৌধ নাই, কিন্তু শ্বেত পাথর খোদাই করা নানান নকশার সমাধিফলক প্রতিটি সমাধিতে।
আকারে তেমন বড় সড় কিছু নয়, কিন্তু ফলকের গার্ত্র জুড়ে ধারন করা অসাধারণ শিল্পকর্ম। এমন কাজের একটা কি দুইটা দৃষ্টান্ত আছে শুধু আর্মেনীয় চার্চ প্রাঙ্গনের সমাধিতে।আর কোথাও চোখে পড়েনি। সাদা পাথরে এমন শিল্পকর্মের সমাধি ফলক এখন চাইলেও করা যাবে না। নইলে একটা না একটা এমন ফলক চোখে পড়তো নানান চার্চ প্রাঙ্গণে এতো এতো সমাধিতে। প্রায় দেড়শো বৎসর হতে চললো কোন ভাঙাচুরা নেই অক্ষত ফলকগুলোতে।শুধু শিল্পকর্মই নয়, ফলকে ছিটেফোঁটা তথ্য থেকেই উদঘাটিত হলো অনেক কিছু। কুসুমকোমল জীবন ছিলো এদের। অকাল মৃত্যুর সম্ভাবনার কথা জেনেই বিত্তের মোহে বেছে নিতো বিদেশ বিভূঁই-এর এডভেঞ্চারাস ( adventurous ) জীবন। মূল্যও দিতে হতো চরম, অনেক ক্ষেত্রেই। প্রমান মিলে সমাধি ফলকগুলো পর্যালোচনা বা study করলে।কয়েক ঘন্টা, কয়েক মাসের শিশু নয়তো ৩০ হতে পঞ্চাশের মাঝেই মৃত্যু এই সমাধিস্থলে সমাধিস্থদের। সমাধি রয়েছে জনৈক সার্জেন্ট মেজরের মাত্র সাড়ে ন মাসের শিশু পুত্র ‘সনি’র।
২৪ বছর বয়সী তরুণ জেমস পিটার রাসেল ( James Peter Russel ) ১৮৮৮ তে মারা যায় ‘দুর্ঘটনায়’, এই সমাধিস্থলের কাছাকাছিই সিন্দুরখান বাগানে। তখনকার সময়ে এখানে আর গাড়ি ছিলো না ।এমন অনেক তরুণের হয়তো দেশেই যাওয়া সম্ভব হয়নি আর! এখানেই এরা সমান হয়ে যায় এদেশ হতে প্রবাসে নির্মান কাজের দুর্ঘটনার মতো দুর্ঘটনায় মারা যাওয়া কুমিল্লা কি নোয়াখালির তরুণটির সাথে।শিশু ও মহিলা -দের কাছে ছিলেন প্রিয়জনেরা – মাতা পিতা কি স্বামী। কিন্তু তরুণ যারা, তাদের জন্য কাছে ছিলো শুধুই ব্রাদার প্লান্টার্স ‘ brother planters’ অথবা ‘ brothers planters and friends’ । বুঝা যায় সমাধি ফলকের এপিটাফের ভাষা থেকেই। প্রায় প্রতিটিতেই লিখা Erected by his brother planters, অথবা brothers planters and friends।একজনের তরুণী ভার্য্যা ইমিলি গ্রাহাম (Emily Graham ) মারা যায় ম্যালেরিয়ায়। ১৯ জনের মাঝে তিন জনই শিশু। একজন পৌনে ৩ বৎসরের কৃস্টিনা এ্যানির সমাধি।
আরেক interesting বিষয়। এই সমাধিক্ষেত্রে সমাধিস্থ স্কটিশ সবাই, ইংলিশ বা আইরিশ নয় কেউ! কারণ জন্মস্থান লিখা যে ক’টি ফলকে, সবই শুধু স্কটল্যান্ড
(Scotland) স্থানীয়দের কাছে সবাই ছিলো শুধু সাহেব। কিন্তু inherent ভেদাভেদ তো ছিলোই সাহেবদের মাঝে। নইলে সবাই শুধু স্কটিশ হবেন কেন আশেপাশের বাগানে মারা যাওয়া? কেউ মারা গেছেন রাজঘাট বা কালীঘাট, কেউ খেজুরীছড়া, কাইকাছড়া নতুবা উদনাছড়ায়। কেউ শ্রীমঙ্গলে, দারাগাঁও নয়তো সিন্দুরখান ।এক সময়ে স্কুল পাঠ্যসূচীতে গল্প ছিলো রবার্ট ব্রুসকে নিয়ে । যুদ্ধে বার বার পরাজিত হয়ে পর্বত গুহায় আশ্রয় নিয়েছিলেন পালিয়ে । ভাবছিলেন নিজের দুর্ভাগ্যের কথা আর চোখের সামনে দেখছিলেন এক মাকড়শা। জাল বেয়ে উঠতে চেষ্টা করছে। পড়ে যাচ্ছে বার বার। সফল হয় সপ্তমবারে! নিজের কথা ভাবলেন। মাকড়শা পারলে তিনি পারবেন না কেন? লোকজন জোগাড় করে যুদ্ধে নামেন নুতন উদ্যমে। এই যুদ্ধে ১৩১৪ সালে ইংল্যান্ডের রাজা এডোয়ার্ড-২ কে পরাজিত করে স্বাধীন করেছিলেন স্কটল্যান্ডকে।
বিখ্যাত চলচ্চিত্র ‘ব্রেভ হার্ট’ এর নায়ক উইলিয়াম ওয়ালেসও ঐতিহাসিক চরিত্র। ওয়ালেসের যুদ্ধও ছিল ইংলিশদের বিরুদ্ধে। এরা দুজনেই স্কটল্যান্ডের জাতীয় বীর। সবশেষে ১৭০১-এ ইংল্যান্ড স্কটল্যান্ড মিলেমিশে গঠন করে কিংডম অফ গ্রেট ব্রিটেন (Kingdome of Great Britain) ।তবে ঐতিহাসিকভাবে আইরিশ ও স্কটিশদের নিকট ইংলিশরা ছিলো আধিপত্যবাদী। তাই কিছুটা হলেও ব্যাপার আছে ব্যালিশিরা ভ্যালিতে শুধু স্কটিশ বিলিতি সাহেবদের আসার পেছনে।চা বাগানের সাথে জড়িত আছে শত শত বছর ধরে চা-শ্রমিকদের রয়েছে এক ধরনের বেদনার ইতিহাস। ‘গাছ হিলায়েগা তো পয়সা মিলায়েগা’ বলে এদের ভুলিয়ে ভালিয়ে আনা হয়েছিলো সারা ভারতবর্ষ থেকে। শ্রমিকদের শত শত বৎসর করুণ ইতিহাসের। তারপরও, সুরমা ভ্যালিতে চা-বাগানের শুরু ও প্রসার এই অঞ্চলে তৎকালে ছিলো অনেকটা অর্থনৈতিক বিপ্লবের মতো। এই বিপ্লব সংঘটিত হয়েছিলো কাকতালীয়ভাবে স্কটিশদের হাত ধরে।
১৮৬০ এর শুরুর দিকে হুজুগে যারা ব্যবসাতে নামেন, তারা ১০০ টাকার পরিত্যক্ত টিলাটালা কিনে ৩০০ টাকায়। জায়গা বুঝেও পায় অনেক কম। অচিরেই তারা পাততাড়ি গুটায় একে একে। চা-বাগান ব্যবসা যখন ঘুরে দাঁড়ায় কয় বৎসরের মাঝে, তখন মাঠে আসে জেমস ফিনলে কোম্পানি। কালক্রমে ফিনলে’র মালিকানায় আসে এর আগে ১৮৭০ সাল নাগাদ সাহেবদের খোলা সব চা-বাগান ।জেমস ফিনলে ছিলো স্কটল্যান্ডের গ্রেটেস্ট ওভারসিজ ফার্ম ‘greatest’ overseas firm। জেমস ফিনলের পুত্র কার্কমেন ফিনলে ছিলেন গ্লাসগোর এমপি ও সিটি চেম্বারের প্রেসিডেন্ট। তাঁর তদ্বিরেই ১৮১৩-তে রদ হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবসা করার একচেটিয়া অধিকারের আইন।এর পর ফিনলে এক পর্যায়ে পরিণত হয়, স্কটল্যান্ড বা বৃটিশ রাজ্য নয়, বিশ্বের বৃহত্তম ব্যবসা কোম্পানীতে। তবে এর কৃতিত্ব এই কোম্পানির জন মুনিরের। কোম্পানীর পুরো মালিকানা নিয়ে জেমস ফিনলের নাম হয় ‘ফিনলে মুনির এন্ড কোম্পানি’। তবে মানুষের মুখে এর পরিচিতি থেকে যায় জেমস ফিনলে। তবে এই উন্নতির ভিত ছিলো এই সুরমা ভ্যালির টি এস্টেটে তাদের বিনিয়োগ।
এই যে সমাধির নাম ডিনস্টন সিমেট্রি, ডিনস্টন হচ্ছে স্কটল্যান্ডের ক্ষুদ্র একটি গ্রাম। সেই গ্রামেই সমাধিস্থ আছেন জেমস ফিনলেকে মহিরূহে পরিণত করা জন মুনির। দেউলিয়া হয়ে পড়া বাগানগুলি কেনা ছাড়াও জন মুনিরই বন্দোবস্ত নেন ব্যালিশিরা ভ্যালির বিপুল পতিত জায়গা, ত্রিপুরার মহারাজার কাছ হতে ১৩৬০৯ একর জমি, পুরো এলাকায় খোঁজে খোঁজে কিনে নেয় ব্যক্তি মালিকানার টিলাটালা। সুরমা ভ্যালিতে তারা হয় বৃহত্তম টি-এস্টেট মালিক। ১৮৮৫ নাগাদ শুধু এই ব্যালিশিরা ভ্যালিতেই ফিনলে মালিকানার চা-বাগানের এরিয়া area দাঁড়ায় সিলেটের মোট চা-এলাকার অর্ধেকের চাইতে বেশী।১৯০০ সাল নাগাদ আসামের সব জেলার মধ্যে সিলেটের চা উৎপাদন পরিমান ছিলো সর্বাধিক।চা বাগানের মালিকদের সিলেটের ঐতিহ্যবাহী অভিজাত জমিদারদের মতোই সম্মানিত করা হত।ফিনলের দেশীয় নিয়োগের পরিমান ১৯৫০-এ দাঁড়ায় ৭০,০০০ এ। সেই অনুপাতে ছিলো স্কটল্যান্ড এবং যুক্তরাজ্য থেকে পাঠানো সুপারিনটেনডেন্ট, ম্যানেজার এবং সহকারীদের একটি বিশাল কর্মী।এই অঞ্চলে চা-বাগানের দায়িত্বে থাকা জনৈক এ্যাডাম হেয়ার ১০০ বছর বয়সে মৃত্যু বরণ করলে সেখানকার সংবাদপত্র The Herald পূর্ণ পৃষ্ঠার নিবন্ধ প্রকাশ করে২২ নভেম্বর ২০১৬ তারিখে। সেই নিবন্ধে কিন্তু লেফটেন্যান্ট কমান্ডার ইন দি রয়াল ইন্ডিয়ান নাভাল রিজার্ভ (Lieutenant Commander in the Royal Indian Naval Reserve) পদবীর উপরে স্থান দেয়া হয় এই অঞ্চলে চা-বাগানের ম্যানেজারি-কে। শিরোনাম দেয়া হয় টি প্লান্টার হু ম্যানেজড ইস্টেট (tea planter who managed estates ) ।
২২ নভেম্বর ২০১৬ তারিখের The Herald থেকে গৃহীত ছবি এই সমাধিক্ষেত্রের সাথেও জড়িত ছিলেন এই মিস্টার এ্যাডাম হেয়ার। কি সুপারভাইস্ট দি রিনোবভশন অফ চার্চ এট কালিঘাট ইন সিলেট, ইন বালিশিরা ভ্যালি, ক্যারি ডাউট এ মেজর সার্ভে অব্ দি গ্রেভিয়ার্ড এন্ড কম্প্লাইড এ কম্প্রিহেনসিভ রেকর্ড অব আল দোজ ইনটার্নড হিয়ার (He supervised the renovation of the church at Kalighat, in Sylhet, in the Balisera Valley, carried out a major survey of the graveyard and compiled a comprehensive record of all those interned there) ।শুধু ফিনলে নয়, আরো একাধিক টি এস্টেট কোম্পানি ছিলো স্কটল্যান্ডের। তাই স্বাভাবিকভাবেই এই এলাকায় টি-এস্টেটেট গুলিতে চাকুরী করতে আসা সাহেবদের প্রায় সবাই স্কটল্যান্ডের।জেমস ফিনলে এদেশ ছাড়ে ২০০৬-এ। যাবার সময় তাদের সম্পদ বিক্রি করে যায় Consolidated Tea and Land Company (BD) Limited -এর নিকট।তবে তাদের রেখে যাওয়া এই সমাধি ক্ষেত্রের প্রায় প্রতিটি ফলক এখনো জন্মস্থল হিসাবে ধারণ করে যাচ্ছে স্কটল্যান্ডের নানান জনপদের নাম। খোদ পুরো সমাধিস্থলটি বহন করছে স্কটল্যান্ডের ক্ষুদ্র এক গ্রামের নাম- ডিনস্টন।জানা যায়, এখনো পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝে মধ্যেই বিশ্বের নানান প্রান্ত হতে এই সমাধিতে উড়ে আসেন সমাধিস্থদের বংশধরেরা ।