সারাদেশে বাঙালী সাংস্কৃতিক ঐতিহ্যের আবহ তৈরীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সারাদেশে বাঙালী সাংস্কৃতিক ঐতিহ্যের আবহ তৈরী এবং বিভিন্ন নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় সবার কাছে তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)’র সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরিফা কাদের সভায় অংশগ্রহণ করেন।সভায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী শিল্প সামগ্রী এবং লুপ্তপ্রায় স্বকীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ, তাঁতবুনন শিল্পের উন্নয়ন, সঙ্গীত-নৃত্য-বাদ্যযন্ত্রের প্রশিক্ষণের সাথে নৃ-গোষ্ঠীদের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবাদি পালন, মাতৃভাষা চর্চাসহ আন্ত:জেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময়ের পরামর্শ প্রদান করা হয়।
ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়ন ও বিকাশে যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং এ শিল্পের প্রচার, প্রসার ও বাজারজাতকরণের সক্ষমতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিকভাবে উন্নত অবস্থানে নিয়ে আসার লক্ষ্যে করণীয় সম্পর্কে নৃ-গোষ্ঠীর পক্ষ থেকে প্রস্তাবা আকারে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিলের সুপারিশ করা হয়।সভায় পর্যটন মৌসুম শীতকালে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটকদের আকৃষ্ট করতে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নৃ-গোষ্ঠী সমূহের বিভিন্ন আকর্ষনীয় পণ্যের প্রদর্শনীর আয়োজনেরও সুপারিশ করা হয়।কমিটি কর্তৃক গঠিত ২ নম্বর সাব-কমিটির ৬৪টি জেলার জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে সুপারিশ সম্বলিত প্রতিবেদন বৈঠকে উপস্থাপন ও আলোচনা করা হয়।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।