সৌদি থেকে শূন্য হাতে ফিরলেন আরো ৭৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রামঃ সৌদি আরব থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন ৭৬ জন প্রবাসী বাংলাদেশি। সোমবার (২০ জুলাই) সকালে সালাম এয়ারওয়েজের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ফিরে আসা প্রবাসীরা প্রত্যেকেই ‘আউটপাস’ বা অস্থায়ী ভ্রমণ অনুমতিপত্র নিয়ে দেশে এসেছেন।ভুক্তভোগীদের অভিযোগ, ইকামা বা কাজের বৈধ পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করতে না পারায় তারা চরম বিপাকে পড়েন। শেষ পর্যন্ত উপায় না দেখে শূন্য হাতেই তাদের দেশে ফিরতে হয়েছে।আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কেস ম্যানেজমেন্ট অফিসার মো. মাহমুদুল হাসান জানান, ফিরে আসা প্রবাসীরা মূলত প্রতারণার শিকার হয়েছিলেন। আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সৌদি পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারা দেশে ফেরার সুযোগ পান।জানা গেছে, দেশে ফেরা প্রবাসীর মধ্যে অনেকের আর্থিক অবস্থা ছিল খারাপ। অনেকের বাড়ি ছিল চট্টগ্রামের বাইরে। ১৮ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় খাবার দেওয়া হয়। এরপর নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য যাতায়াত খরচও দেওয়া হয়।

You might also like