৩ বোটে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, বঙ্গোপসাগরে আটক ৩০

নিউজ ডেস্ক
সত্যবাণী

টেকনাফ,কক্সবাজার: মিয়ানমারে চোরাচালানের উদ্দেশ্যে পাচারকালে সিমেন্টবোঝাই তিনটি বোটসহ ৩০জন মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।শনিবার (৬ ডিসেম্বর) নৌবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।নৌবাহিনী জানায়, দীর্ঘদিন ধরেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী মিয়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় সিমেন্ট চোরাচালান করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্টমার্টিন এলাকায় টহল জোরদার করে।

পরে শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা টহল চলাকালে সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোট শনাক্ত করে। এ সময় থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২ নামের বোট তিনটি আটক করা হয়। বোটগুলো থেকে তল্লাশি করে এক হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য আট লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানে জড়িত ৩০জন মাঝিমাল্লাকে আটক করা হয়।নৌবাহিনী আরও জানায়, মালামালসহ আটককৃত ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

You might also like