৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টার দিকে দেশের আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।পিএসসি সূত্রে জানা যায়, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য এবার আবেদন জমা পড়েছিল চার লাখ ৩৫ হাজার ১৯০টি।এক হাজার ৮১৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, তথ্যে ২২ জন, অডিটে ৩৫ জন, কাস্টমসে ১৪ জন, ট্যাক্সে ১৯ জন ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।এ দিকে গুরুত্বপূর্ণ এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৭৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছিল সরকার। এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপনও এরই মধ্যে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছিল, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে ও ভেতরর আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকার ১৬৭টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বি.পি.এস.সির কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা অর্পণ পূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারার বিধান মোতাবেক তাদের নামের পাশে বর্ণিত আইনে পরীক্ষাকেন্দ্র/অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা প্রদান করে নিয়োগ করা হলো।গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের জন্য বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। শুরুতে আবেদনের শেষ সময় এ বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়।উল্লেখ্য, এবার ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

You might also like