টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) খুলছে অফিস-আদালত।একই দিনে খুলবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়।ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের ঢল নামে শনিবার (১৪ জুন)।সড়কগুলোতে চাপ বেড়ে যায় কয়েক গুণ।রোববার (১৫ জুন) সকালেও অনেকে ঢাকা ফিরেছেন।ঈদ উদযাপিত হয় গত ৭ জুন।ঈদের টানা ১০ দিনের ছুটি শুরু হয় বৃহস্পতিবার (৫ জুন)।আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয় ৩ জুন।মাধ্যমিক বিদ্যালয়গুলো ২২ জুন,প্রাথমিক বিদ্যালয় ২৪ জুন,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসাগুলো ২৬ জুন খুলবে।গত ৬ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে টানা ১০ দিন ছুটির সিদ্ধান্ত হয়। এরপর ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করে।
ছুটিকালীন সব সরকারি,আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত,আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল,জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ,পানি,গ্যাস ও অন্যান্য জ্বালানি,ফায়ার সার্ভিস,বন্দরসমূহের কার্যক্রম,পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট,ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এবং চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এ ছুটির আওতা বহির্ভূত থাকবে।ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।