চার্চে উড়ো চিঠি ও হুমকিতে উদ্বেগ বাংলাদেশের খ্রিস্টান ধর্মীয় নেতাদের
নিউজ ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশ: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের নানা আয়োজন চলছে বাংলাদেশেও,তবে এর মধ্যেও সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্রিস্টান ধর্মীয় নেতারা।বাংলাদেশের বেশ কয়েকটি খ্রিস্টান চার্চ এবং ব্যক্তির কাছে ‘তৌহিদী মুসলিম জনতা’ পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় গত দোসরা ডিসেম্বর।ঠিক এক মাস আগেই ঢাকার কয়েকটি চার্চ এবং সেন্ট জোসেফ স্কুলসহ দেশের বেশ কয়েকটি চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এরইমধ্যে গত ১৮ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে।সাম্প্রতিক এই ঘটনা এবং পূর্ববর্তী ঘটনাপ্রবাহে বিচার বা প্রতিকার না পাওয়ার কারণে সংখ্যালঘু হিসেবে শঙ্কা বোধ করছেন বলে জানিয়েছেন খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিরা।হুমকি-হামলার ঘটনার একটি তালিকা সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে পাঠিয়ে নিরাপত্তা চাওয়ার তথ্যও জানিয়েছেন তারা।বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ক্রুজ এর প্রতিনিধি ফাদার আলবার্ট রোজারিও বিবিসি বাংলাকে জানান,সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েছেন তারা।
কিন্তু ধারাবাহিক ঘটনাপ্রবাহ এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এক ধরনের শঙ্কা নিয়েই উৎসবের আয়োজন চলছে। মি. রোজারিও বিবিসি বাংলাকে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী রেসপন্স করেছে, কিন্তু যারা এগুলোর হোতা তাদেরকে তো ধরতে পারছে না।বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও গত ১৬ই নভেম্বর এক্স হ্যান্ডেলে এক পোস্টে কয়েকটি দেশে খ্রিস্টানদের বৈষম্য এবং নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করেছিলেন,তার মধ্যে বাংলাদেশের নামও ছিল।অবশ্য গির্জা এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার দাবি করেছে বাংলাদেশ পুলিশ। তারা বলছে, কেবল খ্রিস্টান চার্চই নয়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে,” বলে দাবি করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনও।সূত্র:বিবিসি বাংলা