হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা-সমাবেশ করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে ডিএমপি।হিযবুত তাহরীরের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিএমপি বলেছে, তাদের এ ধরনের কার্যক্রম দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ।ডিএমপি জানিয়েছে, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।