শেরপুরে উপদেষ্টার গাড়িবহরে হামলা
নিউজ ডেস্ক
সত্যবাণী
শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ি এলাকায় প্রস্তাবিত বনের ভেতরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগে ও হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে করণীয় বিষয়ে শেরপুর পরিদর্শন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।পরিদর্শনকালে উপদেষ্টাকে সাংবাদিকরা বন থেকে বালু,পাথর লুট ও বনের ভেতরে বিদ্যুৎ সংযোগ সম্পর্কে প্রশ্ন করায় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।সোমবার দুপুরে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে এ ঘটনা ঘটে।পরে উপদেষ্টার পরির্দশন শেষে স্থানীয়রা গাড়িবহরের পাশে দাঁড়িয়ে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে গাড়িবহরের পেছনে থাকা সাংবাদিকদের ওপর হামলা করেন স্থানীয়রা।এতে আহত হন অন্তত ৪ সাংবাদিক।
আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, বাংলাটিভির নাঈম ইসলাম,সময় টিভির ক্যামেরাপার্সন বাবু চক্রবর্তী ও বাংলাদেশ খবরের শাহরিয়ার শাকির।এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।এ ব্যাপারে নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল বলেন, বন থেকে বালু,পাথর লুট করা এবং বনে বিদ্যুতের সংযোগ সম্পর্কে প্রশ্ন করায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর হামলা করেছেন।আহত সাংবাদিকরা প্রথমিক চিকিৎসা নিয়েছেন।এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, উপদেষ্টার গাড়িবহর চলে আসার পর সাংবাদিকদের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে কিছু সাংবাদিকের ওপর হামলা হয়েছে বলে আমরা শুনেছি।এ বিষয়ে কেউ লিখিতভাবে জানায়নি। সূত্র: যুগান্তর