হত্যাচেষ্টা মামলায় কারাগারে জবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর সূত্রাপুর থানার হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর।আসামিপক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়।মামলার অভিযোগে বলা হয়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।এ সময় আসামিরা আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা ও মারধর করে।এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলাটি করেন।এতে জবির অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জনসহ ১৯৩ জনকে আসামি করা হয়।এ মামলার ৪৩ নম্বর আসামি অধ্যাপক আনোয়ারা বেগম।