শ্রীমঙ্গলে অজগর সাপ ও গন্ধগোকুল আটক, বন্যপ্রাণী ফাউন্ডেশনের উদ্যোগে অবমুক্ত

সংগ্রাম দত্ত: বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ গত দুদিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক দুটি স্থান থেকে একটি অজগর সাপ ও একটি গন্ধগোকুল উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।

অজগর উদ্ধারের ঘটনা-

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের বাড়ি মন্দির ঘরে একটি অজগর সাপ দেখা যায়। বাড়ির মন্দিরের কুরশির ভেতরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন।

গন্ধগোকুল আটক-

এর আগের দিন মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের কাইয়ুম মিয়ার বাড়ি থেকে একটি গন্ধগোকুল আটক করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, প্রায় এক মাস ধরে প্রাণীটি বাড়ির আশেপাশে অবস্থান করে ৩০–৩৫টি মুরগি ও কবুতর শিকার করে। বারবার চেষ্টা করেও এটিকে ধরতে না পেরে সেদিন সকালে এলাকাবাসী সম্মিলিতভাবে প্রাণীটিকে আটকে ফেলে।ঘটনার পর বাড়ির মালিক কাইয়ুম মিয়া বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সেখানে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন।

অবমুক্তকরণ-

পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপ ও গন্ধগোকুলকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্তৃপক্ষের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।

বিশেষজ্ঞদের মতামত-

গন্ধগোকুল মূলত নিশাচর প্রাণী। সাধারণত ফল, ফুল ও ছোট প্রাণী খেয়ে তারা বেঁচে থাকে। গ্রামীণ জনপদে হঠাৎ এদের উপস্থিতি মানুষকে আতঙ্কিত করলেও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গন্ধগোকুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সুরক্ষায় কাজ করা সংগঠনগুলোর মতে, মানুষের সচেতনতা বাড়লেই এসব বন্যপ্রাণী অযথা ক্ষতির শিকার হবে না। বরং তাদের বাঁচিয়ে রাখলেই প্রকৃতির ভারসাম্য অটুট থাকবে।

You might also like