জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩৫৭ নেতাকর্মী

নিউজ ডেস্ক
সত্যবাণী

আলমডাঙ্গা,চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির ৩৫৭ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করা হয়।ফুলের মালা পরিয়ে নবাগতদের স্বাগত জানান জামায়াত নেতারা।বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসন সংসদ সদস্য পদপ্রার্থী মো. রুহুল আমিন।

এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচারে কাজ করছে। আমাদের এই সংগঠন সত্য, ন্যায় এবং মানবসেবার মূলনীতিকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সমাজের উন্নয়ন নিশ্চিত করা।তিনি আরও বলেন, যারা আপনাদের বন্ধু হবেনা তাদেরকে প্রত্যাখ্যান করুন। আমরা আপনাদের উত্তম বন্ধু হতে চাই। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এ দেশে উন্নতি আর দুর্নীতি একসঙ্গে চলবে। সব রকম দুর্নীতিকে জাদুঘরে পাঠানো হবে। টাকা ছাড়াই আপনার সন্তানকে চাকরির ব্যবস্থা করতে চাই। আমরা শাসক নই বরং জনগণের সেবক হতে চাই।জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান,জেলা সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসন সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো.দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক। যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভায় উপস্থপনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

You might also like