আস্থা নেই জানিয়ে শেখ হাসিনার মামলা থেকে সরে দাঁড়ালেন জেডআই খান পান্না

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবেন না সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল চারটায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।ভিডিও বার্তায় জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি (আনুষ্ঠানিক পত্র) এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে (আনুষ্ঠানিক প্রক্রিয়ায়) পদত্যাগের বিষয়টি জানাব।ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন।এর আগে, গত ২৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেয়।

You might also like