দিনাজপুরের আসনগুলোতে বিএনপির কোন্দল, জয়ের সুযোগ দেখছে জামায়াত
নিউজ ডেস্ক
সত্যবাণী
দিনাজপুর: বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই দিনাজপুর জেলার রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে।জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে।মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে একের পর এক কর্মসূচি পালন করছেন।এর মধ্যে রয়েছে সমাবেশ,মহাসড়ক অবরোধ, মশালমিছিল,কাফনের কাপড় পরে বিক্ষোভ এবং গলায় প্রতীকী ফাঁসির দড়ি লাগিয়ে মানববন্ধন।এসব কোন্দলের সুযোগ নিয়ে জেলার আসনগুলোতে জয়ের সম্ভাবনা দেখছে জামায়াত।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সবচেয়ে বেশি আন্দোলন চোখে পড়ছে।গত ১১ ডিসেম্বর পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীরা।এ সময় টার্মিনালের গোল চত্বরে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করা হয়।এর আগেও ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিকবার বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
৪ ডিসেম্বর এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে একেএম কামরুজ্জামানের নাম ঘোষণা করা হয়।এরপর থেকেই তার বিরোধিতা করে আন্দোলনে নামেন এজেডএম রেজওয়ানুল হকের সমর্থকরা। পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তার দাবি, এই আসনে যোগ্য প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক,যিনি দীর্ঘ ৩০ থেকে ৩২ বছর ধরে দলকে আগলে রেখেছেন এবং এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন।অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী একেএম কামরুজ্জামান বলেন,তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আন্দোলন করছে।তবে তাদের নেতাকর্মীর সংখ্যা কম এবং দলের অধিকাংশ নেতাকর্মী তার পক্ষে রয়েছেন বলে দাবি করেন তিনি।এসব কর্মসূচির কারণে তার নির্বাচনী সম্ভাবনায় কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন।
একই চিত্র দেখা যাচ্ছে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে।এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়।মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ,গলায় প্রতীকী ফাঁসির দড়ি লাগিয়ে মানববন্ধন এবং মশালমিছিল করেন।তাদের দাবি,ঘোষিত প্রার্থী যোগ্য নন।এই আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মোজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম সমর্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সম্পৃক্ত। যদিও শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন বিএনপির মনোনীত প্রার্থী।বিরল উপজেলা বিএনপির সহসভাপতি হামিদুর রহমান বলেন, এই আসনে এমন একজন প্রার্থী প্রয়োজন যিনি বিজয়ী হতে পারবেন। তার দাবি, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি উপযুক্ত নন এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ রয়েছে। এ কারণে তারা প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন।
একই আসনের মনোনয়নপ্রত্যাশী মঞ্জুরুল ইসলাম বলেন,এলাকার নেতাকর্মীরা আন্দোলন করছেন এবং তারা আশা করছেন কেন্দ্র বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। তবে এসব অভিযোগকে বিভ্রান্তিমূলক দাবি করে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, কেন্দ্র তাকে যোগ্য মনে করেই মনোনয়ন দিয়েছে এবং তিনি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এলাকায় কাজ করছেন।দলীয় কোন্দল রয়েছে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনেও। দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৪ আসনে আখতারুজ্জামান মিয়ার নাম ঘোষণা করা হয়। এই দুই আসনেই প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর-১ আসনে বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রার্থী ঘোষণার বিরোধিতা করে প্রকাশ্যে আন্দোলন করেন। একই দাবিতে দিনাজপুর-৪ আসনে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হালিম ও মোস্তাফিজুর রহমান চৌধুরী। তাদের বক্তব্য, এসব আসনে প্রার্থী পরিবর্তন না হলে বিএনপি নিশ্চিতভাবে আসন হারাবে।মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, এলাকার নেতাকর্মীরা একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী চান। অন্যথায় আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে আব্দুল হালিম বলেন, তিনি দলীয় কোন্দল, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাইকমান্ডের কাছে মনোনয়নের জন্য অনুরোধ জানিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে দিনাজপুর-১ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল ইসলাম বলেন, এসব কর্মকাণ্ড অন্য দলকে সুবিধা দেওয়ার একটি এজেন্ডা। দল যাচাই-বাছাই করেই তাকে মনোনয়ন দিয়েছে এবং কেন্দ্র বিষয়টি দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, দলের যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই সবাই কাজ করবে—এমন কথা ছিল। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। তিনি দলীয় ঐক্যের আহ্বান জানান।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বড় দলে প্রতিযোগিতা থাকবে এবং দ্বন্দ্ব সংগঠনকে বিকশিত করে। কিছু আসনে প্রার্থী শতভাগ ভালো না হলে কেন্দ্র চাইলে পরিবর্তন করতে পারে। তবে এসব কোন্দলে অন্য দলের প্রার্থীদের সুযোগ নেওয়ার মতো সামর্থ্য নেই বলে দাবি করেন তিনি।এদিকে দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে আগে তিনি কখনও প্রার্থী হননি। অতীতে এখানে তার বোন খুরশীদ জাহান হক বিএনপির প্রার্থী ছিলেন। খালেদা জিয়ার মনোনয়নের ফলে এই আসনে নেতাকর্মীরা এককাট্টা হয়েছেন।অন্যদিকে, দীর্ঘদিন ধরেই জেলার ছয়টি আসনেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত। বিএনপির কোন্দলের সুযোগ নিয়ে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দলটির প্রার্থীরা। দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, বিএনপির অভ্যন্তরীণ বিভক্তির কারণে জেলার সবগুলো আসনেই জামায়াতের প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে বলে তারা আশাবাদী।