শ্রীমঙ্গলের ন্যাপ নেতা ও সাংবাদিক এম এ আলী আর নেই

সংগ্রাম দত্ত
সত্যবাণী

শ্রীমঙ্গল: ন্যাপ নেতা ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুল আলী (এম এ আলী) আর নেই।তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ছাত্রজীবনে মৌলভীবাজার কলেজে অধ্যয়নকালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে তিনি ন্যাপ (মোজাফফর) রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন এবং নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নব্বই-পরবর্তী সময়ে তিনি শ্রীমঙ্গল থানা ন্যাপের সভাপতি হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।তিনি জীবনের একটি উল্লেখযোগ্য সময় মধ্যপ্রাচ্যে চাকরিরত অবস্থায় কাটান। প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি শ্রীমঙ্গলে ব্যবসা, সাংবাদিকতা ও রাজনীতিতে পুনরায় সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন।

সাংবাদিকতা পেশায় তিনি ছিলেন অত্যন্ত সুপরিচিত ও সম্মানিত একজন ব্যক্তি। দৈনিক দিনকাল ও দৈনিক সমাচার পত্রিকায় দীর্ঘদিন শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে তিনি সততা ও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন।পাশাপাশি তিনি শ্রীমঙ্গল সমাজকল্যাণ সংস্থার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এলাকাবাসীর কাছে তিনি একজন অভিভাবকতুল্য মুরব্বি, সমাজসেবী ও নীতিবান রাজনীতিক হিসেবে সমাদৃত ছিলেন।তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

You might also like