জকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ, এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে এখন ফলাফল ঘোষণার অপেক্ষা।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের পর রিটার্নিং কর্মকর্তা,সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টরা ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জমা দিচ্ছেন।নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

তিনি বলেন, বিকাল ৩টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে সব কেন্দ্রের ফলাফল সমন্বয় করার পর চূড়ান্ত শতাংশ ও বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। ড. জুলফিকার আরও বলেন, নির্ধারিত সময় বিকাল ৩টা পর্যন্ত লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হয়েছে। তবে ৩টার পর নতুনভাবে কাউকে লাইনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি। শীতের তীব্রতা কিছুটা কম থাকলে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারতো।নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সৈয়দা ইশরাত নাজিয়া। তিনি বলেন, আমাদের কেন্দ্রে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ পাওয়া যায়নি, যা একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিফলন।উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই জকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৬,৬৪৫ জন। বর্তমানে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে ফলাফল ঘোষণার অপেক্ষা।

You might also like