সৌদি আরব ও ইউরোপে ঈদ শুক্রবার

নিউজ ডেস্ক
সত্যবাণী

সৌদি আরব: সৌদি আরবে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)। আর ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।যুক্তরাজ‍্যসহ ইউরোপেও শুক্রবার একইদিন ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার সৌদি আরবের কোথাও মেঘলা আকাশ এবং কোথাও বৃষ্টির কারণে শাওয়ালের চাঁদ দেখার পর্যবেক্ষণে এর প্রভাব পড়ে।পরে পর্যবেক্ষকদের বরাতে সংবাদমাধ্যম দুটি জানায়, ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ করবে। সে হিসেবে শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে।তুরস্ক জানায়, শুক্রবার সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর জানায়, সেদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে।তবে বাংলাদেশের আকাশে আগামীকাল বৃহস্পতিবার চাঁদ দেখা হবে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে এদেশেও ঈদ হবে শুক্রবার। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ করে রমজান মাস শেষ হবে। ঈদ উদযাপন হবে শনিবার (২১ মার্চ)।

You might also like